সোহরাবুদ্দিন মামলায় সব অভিযোগ খারিজ অমিতের বিরুদ্ধে
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর: সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় সব অভিযোগ থেকে মুক্তি পেলেন অমিত শাহ। মঙ্গলবার মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত তাঁকে অব্যাহতি দেয়। এর ফলে নিশ্চিতভাবেই স্বস্তি পেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম ছায়াসঙ্গী।
২০০৫ সালের ২৬ নভেম্বর ভুয়ো সংঘর্ষে গুজরাত পুলিশ গুলি করে মেরেছিল মাফিয়া ডন সোহরাবুদ্দিন শেখকে। তার সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ ছিল বলে দাবি করে পুলিশ। ঘটনার অন্যতম সাক্ষী প্রজাপতিকে আর একটি এনকাউন্টারে গুজরাতের চাপরি গ্রামে গুলি করে মারে পুলিশ। সেটা ২০০৬ সালের ডিসেম্বর মাস। পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কীভাবে পুলিশ সোহরাবুদ্দিনকে গুলি করে মারল, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত, ঘটনাগুলি যখন ঘটে, তখন নরেন্দ্র মোদী ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। আর অমিত শাহ স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী।

২০১০ সালে মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। তদন্তে তারা অমিত শাহের বিরুদ্ধে চার্জ গঠন করে। কিন্তু এ দিন অমিত শাহের আইনজীবী আদালতকে বলেন, "আমার মক্কেল যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এটা প্রমাণ করতে পারেনি সিবিআই। ঘটনায় জড়িত পুলিশ অফিসারদের সেই সময় তিনি ফোন করেছিলেন মানে এই নয় যে, সোহরাবুদ্দিনকে খুনের নির্দেশ দিয়েছিলেন।" এই যুক্তি মেনে নিয়ে বিশেষ সিবিআই আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি খারিজ করে দেন।
প্রসঙ্গত, সিবিআই এই মামলায় অমিত শাহ ছাড়াও ৩৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। তার মধ্যে কয়েকজন আইপিএস অফিসারও রয়েছেন।












Click it and Unblock the Notifications