Cash for Query: মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল! দাবি BJP সাংসদ নিশিকান্ত দুবের
Cash for Query: ক্যাশ ফর কোয়েরি মামলায় চাপ বাড়ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপরে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
টুইটে নিশিকান্ত দুবে লিখেছেন, এদিন তাঁর অভিযোগের ভিত্তিতে লোকপাল অভিযুক্ত সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত গত অক্টোবরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেই অভিযোগ করেছিলেন, মহুয়া মৈত্র সংসদীয় আইডির লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেছেন। সেখান থেকে অন্য একজন গৌতম আদানিকে নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন।

নিশিকান্ত দুবে দাবি করেছিলেন, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে লোকসভা ওয়েবসাইট লগইন অ্যাক্সেস দিয়েছিলেন। যা নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন নিশিকান্ত দুবে। মহুয়া মৈত্র অবশ্য লগ-ই অ্যাক্সেস দেওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন।
পরে এথিক্স কমিটিতে শুনানি হলে সেখানে তোলপাড় হয়। মহুয়া মৈত্রের পাশাপাশি কমিটির বৈঠকে থাকা বিরোধী সাংসদরা অভিযোগ করেছিলেন, তাঁকে (মহুয়া) ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে। যা নিয়ে বৈঠক থেকে তারা বেরিয়েও যান। অভিযোগ, মহুয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি রাতে কার সঙ্গে কথা বলেন।
এরপর লোকসভা এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকারের নেতৃত্বে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। সেই বৈঠক হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। সেখানেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগের খসড়া রিপোর্টও পেশ হবে বলে জানা গিয়েছে।
এদিকে সিবিআই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে মহুয়া মৈত্র টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে প্রথমে সিবিআইয়ের এফআইআর নথিভুক্ত করা উচিত। আদানির সংস্থাগুলি অবিশ্বাস্যভাবে অনেকগুলি ভারতীয় বন্দর কিনেছে, সেটাও জাতীয় নিরাপত্তার বিষয়।












Click it and Unblock the Notifications