Cash For Query Case: ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে এবার সিবিআই এফআইআর
লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ ছিলই। সেইমতো ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইআর করল তৃণমূল নেত্রী তথা বহিষ্কৃত লোকসভা সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে।
বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে লোকপাল প্রাথমিক যাচাইয়ের পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই অভিযোগকে গুরুতর বর্ণনা করে সিবিআইকে নির্দেশ দেওয়া হয় ছয় মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করতে হবে। এবং প্রতি মাসে অগ্রগতি কতটা হল সেটাও পর্যায়ক্রমে জানাতে হবে।

গত ডিসেম্বরে লোকসভা থেকে বহিষ্কৃত হন কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনায় সুপ্রিম কোর্টে গিয়েছেন মহুয়া। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই কৃষ্ণনগর থেকেই এবারের ভোটে লড়ার জন্য মহুয়াকে প্রার্থী করেছে।
মহুয়ার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ হিসাবে টাকা ও উপঢৌকন নিয়ে তার বদলে সংসদে প্রশ্ন করেছেন। মূল আক্রমণের লক্ষ্য ছিল শিল্পপতি গৌতম আদানি। তবে তা মহুয়া করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিপাকে ফেলতে। এমনটাই অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
এই ঘটনায় যাঁর নাম সামনে এসেছিল সেই ব্যবসায়ী হিরানন্দানি পর্যন্ত হলফনামায় জানিয়েছেন যে মহুয়ার সংসদের লগইন আইডি নিয়ে তিনি প্রশ্ন পোস্ট করেছেন। তবে তিনি এবং মহুয়া দুজনেই ঘুষের বিষয়টি অস্বীকার করেছেন।
যদিও মহুয়া ঘুষের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে লোকপাল মনে করেছে, একজন সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং সত্য সকলের সামনে আসা উচিত।












Click it and Unblock the Notifications