MSME শিল্পে নগদ প্রবাহ বাড়াতে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মোদী সরকারের
এমএসএমই সংস্থাগুলির নগদ প্রবাহে ঘাটতির সমস্যা দূর করতে ৫০ হাজার কোটি টাকার ইক্যুইটি ইনভেস্টমেন্টের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ ধুঁকতে থাকা অনাদায়ী ঋণগ্রস্ত এমএসএমইগুলির জন্য সিদ্ধান্ত ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে।

২০ হাজার কোটি টাকার অনুদান অনুমোদন
এদিন এছাড়া মন্ত্রিসভা ২০ হাজার কোটি টাকার অনুদান অনুমোদন করল। এতে লোকসানের মুখ দেখা ২ লক্ষ এমএসএমই উপকৃত হবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। প্রসঙ্গত, লকডাউন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া ও অর্থনীতিকে চাঙ্গা করতে পূর্ণ মন্ত্রীসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

অনুমোদিত এই স্কিমের বিশদ
আজকের অনুমোদিত এই স্কিমের মাধ্যমে কোনও ধুঁকতে থাকা এমএসএমই-কে ১৫ শতাংশ বা ৭৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করতে পারবে কোনও বিনিয়োগকারী। পরিবর্তে সেই এমএসএমই-র ভাগিদার হয়ে যাবে সেই বিনিয়োগকারী বা প্রোমোটার।

আত্মনির্ভর ভারত গড়ার অভিযান
এর আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী । এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য ৩ লাখ কোটির ঋণ সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্ত প্রকৃত অর্থে এমএসএমই ক্ষেত্রের সংজ্ঞা বদলে দিতে পারে। তবে এই ঘোষণাগুলির যথাযথ বাস্তবায়ন জরুরি।

বর্তমান পরিস্থিতিতে এই ছোটো শিল্পগুলির অবস্থা খারাপ
দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যায় ভুগছে দেশের ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলি। বিনিয়োগ থেকে শুরু করে লভ্য়াংশ- সব ক্ষেত্রেই একাধিক প্রতিবন্ধকতা ছিল। বর্তমান পরিস্থিতিতে এই ছোটো শিল্পগুলির অবস্থা আরও খারাপ। কিন্তু এই পরিস্থিতিতেও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরিতে দৃষ্টান্তমূলক কাজ করেছে এই ক্ষুদ্র, ছোটো, মাঝারি উদ্যোগপতিরা।












Click it and Unblock the Notifications