'অপরাধ নগরী' দিল্লিতে ট্যাক্সিতে উঠে ধর্ষণের শিকার যুবতী

রাতে ট্যাক্সি করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। গাড়ির চালকই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানাতে নিষেধ করে হুমকিও দেয়। যদিও ধর্ষিতা পুলিশে অভিযোগ জানানোর পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের মথুরা থেকে।
২৫ বছরের ওই যুবতী গুরগাঁওয়ে একটি বিদেশি কোম্পানিতে উঁচু পদে কর্মরত। শুক্রবার অফিস ছুটির পর সন্ধেবেলা একটি পানশালায় গিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে রাত ন'টা নাগাদ বসন্তবিহারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। বসন্তবিহার থেকেই নিজের স্মার্টফোনে অনলাইনে একটি ট্যাক্সি 'বুক' করেন। রাত সাড়ে দশটায় ট্যাক্সি এলে তাতে উঠে পড়ে রওনা দেন ইন্দ্রলোকের পথে। ইন্দ্রলোকেই ওই যুবতীর বাড়ি।
ট্যাক্সিতে উঠে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ, হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন যে, গাড়িটি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। চালক নিজের আসন ছেড়ে পিছনের সিটে যুবতীর পাশে এসে বসেছে। চালকের নিম্নাঙ্গে তখন পোশাক ছিল না বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করতে শুরু করলে চালক একটি ছুরি নিয়ে তাঁকে খুনের হুমকি দেয়। প্রাণভয়ে যুবতী চুপ করে যান। তার পর ট্যাক্সির পিছনের সিটে ওই যুবতীকে ধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এর পর রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
বাড়ি ফিরে তিনি সব ঘটনা জানান। রাতেই পুলিশে অভিযোগ দায়ের করেন। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের মথুরায় হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শিবকুমার যাদব। বয়স ৩২ বছর। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ এনে মামলা শুরু করেছে পুলিশ।
এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, দিল্লি মহিলাদের পক্ষে কতটা অসুরক্ষিত শহর!
Delhi shamed: Police recover from Mathura (UP) the cab in which a 25-year-old girl was allegedly raped pic.twitter.com/Pwt01tLQ6r
— TIMES NOW (@timesnow) December 7, 2014 











Click it and Unblock the Notifications