আলিগড়ে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে উত্তরপ্রদেশ ভোটের বিউগল বাজালেন মোদী
আলিগড়ে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে উত্তরপ্রদেশ ভোটের বিউগল বাজালেন মোদী
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিংহ স্টেট ইউনিভার্সিটির শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানেই নিজের বক্তব্যে কার্যত ইউপি বিজেপির নির্বাচনী প্রচারের সূচনা করলেন প্রধানমন্ত্রী। বিখ্যাত জাঠ রাজা মহেন্দ্র প্রতাপ সিং সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী মহেন্দ্রপ্রতাপের জীবন থেকে মানুষকে শিক্ষা গ্রহণের কথা বলেন। এরপর তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যে কখনও হতাশ বোধ করলে রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের দৃঢ় সংকল্প এবং ত্যাগের কথা মনে করে এগিয়ে যাওয়া উচিৎ।

আলিগড়ে কী কী বললেন মোদী?
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন। যোগীর নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ডবল-ইঞ্জিন সরকারে মানুষ উপকৃত হচ্ছেন। উত্তরপ্রদেশে অপরাধ কমানোর জন্য যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আগে মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পেত কিন্তু ডাবল ইঞ্জিন সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন তাঁরা কোন ভয় ছাড়াই স্বাধীনভাবে পড়াশোনা এবং কাজ করতে উৎসাহ পাচ্ছেন।

সপাকে আক্রমণ!
সমাজবাদী পার্টি সরকারকে নিয়ে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, উত্তরপ্রদেশের মানুষ সেই সময়ের কথা কখনওই ভুলতে পারে না যখন প্রশাসন গুন্ডাদের দ্বারা পরিচালিত হত। রাজ্যের শাসন ক্ষমতা দুর্নীতিবাজদের হাতে ছিল। কিন্তু এখন এই ধরনের লোকেরা জেলের চার দেওয়ালের পিছনে রয়েছে।

কৃষকদের কথা!
কৃষকদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, শেষ কয়েকবছরে শুরু হওয়া কেন্দ্রীয় প্রকল্পগুলি ক্ষুদ্র-কৃষকদের উপকৃত করেছে। কৃষকদের শক্তি বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের ক্রমাগত প্রচেষ্টা। এমএসপি, কিষান ক্রেডিট কার্ডের সম্প্রসারণ, বীমা প্রকল্পের উন্নতি, ৩০০০ টাকার পেনশনের মতে প্রকল্প নিয়ে এসেছে। এই ধরনের অনেক সিদ্ধান্ত ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন ঘটিয়েছে। আখ চাষীদের জন্য ১.৪ লক্ষ কোটি টাকার বাজেটও বরাদ্দ করার কথাও নিজের বক্তব্যে বলেন মোদী, যে অর্থ আগামী চার বছরে আখ চাষিদের উন্নতিতে ব্যবহার করা হবে।

দেশের প্রতিরক্ষা
দেশের প্রতিরক্ষা বিষয়ে উন্নতি প্রসঙ্গে মঙ্গলবার আলিগড়ে নিজের ভাষনে মোদী বলেন, এতদিন ভারত বিশ্বে একটি প্রতিরক্ষা সামগ্রী আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল। এই পরিচয় বদলে এখন প্রতিরক্ষা সামগ্রী রফতানিকারক দেশ হিসেবে পরিচয় তৈরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত৷ আলিগড়ের বিখ্যাত তালা এবং প্রতিরক্ষা করিডর দেশের সীমানা রক্ষায়ও অবদান রেখেছে। তিনি আরও বলেন, আজ শুধু দেশ নয়, বিশ্বও দেখছে যে আধুনিক গ্রেনেড ও রাইফেল থেকে শুরু করে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ ভারতে নিজেই তৈরি করছে দেশের মধ্যে।












Click it and Unblock the Notifications