৯০ কোটি টাকায় বিক্রি হচ্ছে রাজেশ খান্নার বাংলো

একদা বলিউড কাঁপানো অভিনেতা রাজেশ খান্না ২০১২ সালের জুলাইয়ে মারা যান। তাঁর ইচ্ছে ছিল, সমুদ্র সংলগ্ন কার্টার রোডের বাংলোটি ভবিষ্যতে মিউজিয়ামে পরিণত করতে। বেঁচে থাকতে তিনি বলতেন, "ভগবানের আশীর্বাদে আমার থাকা-খাওয়া নিয়ে চিন্তা নেই। দুই মেয়ে, টুইঙ্কল আর রিঙ্কে ভালো ঘরে বিয়ে করে সুখে আছে। ওদের আমার সম্পত্তি ছাড়াও চলবে। তাই আমার এই বাংলোকে আমি মিউজিয়াম করব, যাতে ভক্তরা এসে দেখতে পারে।"
প্রসঙ্গত, গত শতাব্দীর ছয়ের দশকে এই বাংলোটি আর এক বলিউড তারকা রাজেন্দ্র কুমারের কাছ থেকে কিনেছিলেন রাজেশ খান্না। আটের দশকে তিনি সেটি সংস্কার করেন। আয়কর না দেওয়ায় এক সময় সরকার বাংলোটি বাজেয়াপ্ত করেছিল। পরে আইনি লড়াই চালিয়ে রাজেশ খান্না তা উদ্ধার করেন। পরে এর নাম রাখা হয় 'বরদান আশীর্বাদ'।
ব্যবসায়ী শশীকিরণ শেট্টি সমুদ্রমুখী এই বাংলো কেনার আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। কয়েক দিন পরই তাঁকে তা হস্তান্তর করা হবে। রাজেশ খান্নার দুই মেয়ে টুইঙ্কল খান্না ও রিঙ্কে খান্না এই লেনদেনে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কারণ বাংলো দুই বোনের নামে রয়েছে। রাজেশ খান্নার লিভ-ইন সঙ্গিনী অনিতা আদবানি প্রাথমিকভাবে এর দখলদারি চাইলে পরে তিনি পিছু হটেন।তার পরই টুইঙ্কল আর রিঙ্কে খান্না বাড়ি বিক্রির ব্যাপারে খোঁজখবর শুরু করেন।












Click it and Unblock the Notifications