আজানে আপত্তির পর এবার মুসলিম মহিলাদের বোরখা পরা নিয়ে কি বললেন যোগীর মন্ত্রী?
মুসলিম মহিলাদের বোরখা পরা নিয়ে কি বললেন যোগীর মন্ত্রী?
মসজিদে 'আজান’ পড়া নিয়ে আপত্তি তোলার পর এবার মুসলিম মহিলাদের 'বোরখা’ পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা। অমানবিক আচরণ ও দুষ্কর্ম বলে আখ্যা দিয়ে তিনি জানান তিন তালাকের মত করেই এবার মুসলিম মহিলাদের বোরখা পড়া নিষিদ্ধ করতে হবে।

একদিন আগেই যোগীর মন্ত্রী বালিয়া জেলা শাসককে চিঠি লিখে অভিযোগ করেন যে মসজিদে লাউডস্পিকারের কারণে তিনি তাঁর কর্তব্য পালন করতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন এবং এও জানান যে আদালতের নির্দেশানুসারে শব্দের মাত্রা স্থির হওয়া উচিত। সাংবাদিকদের সামনে শুক্লা বলেন, 'তিন তালাকের মতোই মুসলিম মহিলাদের বোরখা পরা থেকে নিষ্কৃতি দিতে হবে। একটা সময় আসবে যখন তাঁরা এর থেকে মুক্তি পাবেন। এমন বহু মুসলিম দেশ রয়েছে যেখানে বোরখা নিষিদ্ধ।’ সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শুক্লা এও জানিয়েছেন যে বোরখা অমানবিক ও কুপ্রথা। তিনি এর সঙ্গে এও জানান যে যারা প্রগতিশীল চিন্তাভাবনা করছেন তাঁরা এ ধরনের বিষয় এড়িয়ে ।চলছেন এবং বোরখা পরার ওপর চাপ দিচ্ছেন না।
মন্ত্রীর বাড়ির সামনে মসজিদের লাউডস্পিকারের শব্দ নিয়ে আপত্তি জানিয়ে জেলা শাসককে লেখা চিঠিতে বলা হয়েছে যাঁদের এই লাউডস্পিকারে সমস্যা হবে তাঁরা যেন ১১২ ডায়াল করে পুলিশকে তা জানান। যদি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না করা হয় তবে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। চিঠিতে শুক্লা বলেন, 'দিনে পাঁচবার নমাজ পড়া হয় এবং গোটা দিন ধরে আজান চলে। যার ফলস্বরূপ আমার যোগা করতে, প্রাণায়াম করতে, পুজো করতে এবং সরকারি কর্তব্য পালনেও সমস্যা দেখা দিচ্ছে।’ প্রসঙ্গত, তাঁর কেন্দ্রে রয়েছে কাজিপুরা মদিনা মসজিদ। যার বিরুদ্ধে মন্ত্রীর এই অভিযোগ।












Click it and Unblock the Notifications