হায়দরাবাদের গণধর্ষণকাণ্ডের স্থানের অদূরে চাঞ্চল্য! মিলল আরও এক মহিলার দগ্ধ দেহ
তেলাঙ্গানায় পশুচিকিৎসকের গণধর্ষণকাণ্ড গোটা দেশকে তোলপাড় করেছে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর হাইওয়ের কাছে সামসাবাদ এলাকায় মিলেছিল মহিলার দগ্ধ দেহ। ঠিক সেই জায়গা থেকে ১০০ মিটারের মধ্যে এবার উদ্ধার হল আরও এক মহিলার দগ্ধ দেহ। পরপর এভাবে মহিলাদের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হায়দরাবাদ জুড়ে।

কী মনে করছে পুলিশ?
পশুচিকিৎসকের মৃত্যুর পর যে মহিলার দেহ শুক্রবার উদ্ধার হয়েছে, তা নিয়ে প্রাথমিকভাবে পুলিশের ধারণা সেটি আত্মহত্যার ঘটনাও হতে পারে। তবে এখনও পর্যন্ত দগ্ধ মহিলার পরিচিতি খুঁজে পায়নি পুলিশ। আর সেই পরিচিতি উদ্ধার হলেই তদন্ত আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।

নরাকীয় কাণ্ড তেলাঙ্গানায়
ঘটনা গত ২৭ নভেম্বরের। যেদিন সামসাবাদের কাছে উদ্ধার হয় মহিলা পশু চিকিৎসকের দগ্ধ দেহ। তড়িঘড়ি তা নিয়ে তদন্ত হতেই জানা যায়, তাঁকে গণধর্ষণ করে, জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। পরবর্তীকালে তরুণীর পরিচিতি জানা যায় পশু চিকিৎসক হিসাবে।

কিভাবে ঘটেছিল সেই ঘটনা?
জানা গিয়েছে, রাস্তায় স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই পশু চিকিৎসক। তাঁর গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয়। এরপর গাড়ি নিয়ে তরুণী সমস্যায় পড়তেই সাহায্যের নামে ছুটে আসে ৪ জন যুবক। যারা মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীকালে পুড়িয়ে দেওয়া হয় দেহ।

ঘটনায় গ্রেফতার হয়েছে কতজন?
গোটা ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪ জন। ধৃত মহম্মদ পাশা সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ যখন জোরকদমে চলছে তখনই ধর্ষণকাণ্ডের সেই অভিশপ্ত জায়গা থেকে মিলল আরও একটি দগ্ধ মৃতদেহ।












Click it and Unblock the Notifications