নগদ প্রবাহের পাশাপাশি চাই 'বাফার', ব্যাঙ্কগুলিকে পরামর্শ আরবিআই গভার্নর শক্তিকান্ত দাসের
আজ সপ্তম এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমিকস কলক্লেভ উপলক্ষে এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন শক্তিকান্ত দাস৷ সেখানে অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে৷ সেখানেই দেশের ব্যাঙ্কগুলিকে মন্দা থেকে বাঁচতে ও দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেতে মূলধন সংগ্রহ করার মাধ্যমে বাফার তৈরির কথা বলেন শক্তিকান্ত দাস।

এদিন আরবিআই গভার্নর বলেন, 'আরবিআইয়ের শীর্ষস্থানীয় অগ্রাধিকার হল বৃদ্ধি। আর্থিক স্থিতিশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে আর্থিক ব্যবস্থাকে রক্ষা করতে এবং বর্তমান সংকটে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আরবিআই। লকডাউন উঠতেই আমার স্বাভাবিক হচ্ছে দেশের অর্থনীতি। ক্রেডিট প্রবাহ চালু রাখতে মূলধন সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ।'
দেশে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত লক্ষ্য করে গত মার্চ মাস থেকেই দেশব্যাপী অত্যন্ত কড়া লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। ফলে বিরাট আর্থিক ক্ষতিম মুখে পড়ে দেশের সামগ্রিক অর্থনীতি। এই সময়ে বহু মানুষ চাকরি খুইয়েছেন। এহেন পরিস্থিতিতে বহু অর্থনীতিবিদই কোভিড- ১৯ পরিস্থিতিতে চলতি বছরে ভয়ঙ্কর মন্দার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে দেশের অর্থনীতি গত ১০০ বছরের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত৷ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন আরবিআই গভর্নর৷ বলেন, 'করোনার কারণে বহু মানুষ কর্মহীন৷ বিশ্ব অর্থনীতি তথা শ্রমের উপর মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে ৷ ফলে, আমাদের অর্থনীতির পরিকাঠামো ও স্থিতাবস্থা বড় পরীক্ষার মধ্যে পড়েছে৷ এই কঠিন পরিস্থিতিতে অতীতে কেন্দ্রীয় ব্যাঙ্ক যা যা সিদ্ধান্ত নিয়েছিল, সেইসব সিদ্ধান্ত আমাদের কাজে আসতে পারে ৷ অর্থনীতিকে রক্ষা করতে আরবিআই বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলির সুদূরপ্রসারী ফল পাওয়া গেছে৷ করোনা পরিস্থিতিতেও আরবিআই সুবিধাজনক অবস্থায় রয়েছে।'












Click it and Unblock the Notifications