Union Budget 2024: রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু বাজেট অধিবেশন! প্রতিটি বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি সরকারের
লোকসভা নির্বাচনের আগে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে বুধবার থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন তৈরি সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশনের উদ্বেধন করবেন। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন।
লোকসভা নির্বাচনের পরে সরকার গঠ না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য দেশের আর্থিক চাহিদা মেটায় এই অন্তর্বর্তী বাজেট। উল্লেখ করা যেতে পারে ৯ ফেব্রুয়ারি শুক্রবার বাজেট অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকার অন্তর্বর্তী বাজেটের মাধ্যমে অস্থায়ী আর্থিক বিবৃতি দিয়ে থাকে। সাধারণভাবে নির্বাচনী বছরে এই অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। এই অন্তর্বর্তী বাজেট সাধারণ বার্ষিক বাজেটের থেকে আলাদা। সংক্ষিপ্ত সময়ের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়ে থাকে। সাধারণভাবে নির্বাচনী বছরে নতুন সরকারের গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী বাজেট কাজ করে।
এদিকে, আসন্ন বাজেট অধিবেশনের আগে সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। পাশাপাশি সরকারের তরফ থেকে বিরোধীদের সঙ্গে সমঝোতার অবস্থান নেওয়া হয়েছে। শীতকালীন অধিবেশনে যেসব সাংসদদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বাজেট অধিবেশনে সহযোগিতামূলক পরিবেশের ওপরে জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যসভার ১১ জন সাংসদের ওপর থেকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি শাসকদলের তরফে ইঙ্গিত করা হয়েছে, আসন্ন বাজেট অধিবেশনে প্রতিটি বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তারা।
কংগ্রেসের তরফে ইঙ্গিত করা হয়েছে, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষি সংকট ও জাতিগত হিংসায় আক্রান্ত মণিপুরের বিষয়টি উত্থাপন করা হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, অর্থমন্ত্রীর উচিত অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গের বকেয়া অন্তর্ভুক্ত করা।
বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রুপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে রাজনীতির পাশাপাশি জেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকগুলি বিস্তৃতভাবে উঠে আসবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছর মেয়াদের ভাল দিকগুলির ওপরে বিশেষভাবে উল্লেখ করা হবে।












Click it and Unblock the Notifications