কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

এ বারের বাজেট অধিবেশন এই কারণে সবিশেষ গুরুত্বপূর্ণ যে, এটা মোদী সরকারের প্রথম বাজেট। আগামী ৮ জুলাই অর্থাৎ মঙ্গলবার সংসদে পেশ হবে রেল বাজেট। তার পরের দিন অর্থাৎ ৯ জুলাই আর্থিক সমীক্ষা। ১০ জুলাই পেশ হবে সাধারণ বাজেট।
৮ জুলাই রেল বাজেটে রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া একগুচ্ছ নতুন ট্রেন ঘোষণা করবেন বলে খবর। পাশাপাশি, লজঝড়ে রেলের পুনরুজ্জীবনে তিনি কিছু ব্যবস্থা ঘোষণা করবেন। আর ১০ জুলাইয়ের সাধারণ বাজেটে কিছু কড়া আর্থিক দাওয়াই ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দু'লক্ষ টাকা থেকে বেড়ে চার লক্ষ টাকা করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।
এদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি এখনও নিয়ন্ত্রণে না আসায় সরকারকে বিরোধীরা চেপে ধরতে পারে বলে ধারণা। এ ছাড়াও ধর্ষণের অভিযোগ উঠেছে যে মন্ত্রীর বিরুদ্ধে, সেই নিহালচাঁদের বিরুদ্ধে কেনও ব্যবস্থা নেওয়া হয়নি, এই ইস্যুতেও তপ্ত হতে পারে লোকসভা ও রাজ্যসভা। তা ছাড়া, সংসদকে এড়িয়ে রেলের ভাড়া একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে সরকার। এ নিয়ে অনেক আগে থেকেই সরব ছিল বিরোধীরা। এ বার সংসদে সরকারকে চেপে ধরার চেষ্টা করবে। বিরোধীদের কুপোকাৎ করতে কী কৌশল নেওয়া হবে, তা চূড়ান্ত করতে এখন সময় দিচ্ছেন নরেন্দ্র মোদী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং প্রমুখ।












Click it and Unblock the Notifications