শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আমনা-সামনি লড়াইয়ে প্রস্তুত বিজেপি-বিরোধী
ভারতের কেন্দ্রীয় বাজেট অধিবেশন আগামী ৩১ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে, যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশনে বিরোধী দলগুলি অর্থনৈতিক মন্দা এবং বিশ্বের যাবতীয় সমস্যা নিয়ে সরকারকে প্রশ্ন করার প্রস্তুতি নিচ্ছে।
বিজেপি নেতারাও এই বাজেটকে প্রধানমন্ত্রীর তিন মেয়াদের মধ্যে সবচেয়ে সমালোচনামূলক বাজেট হিসেবে বিবেচনা করছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এটিই হতে চলেছে এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

এবারের বাজেটে বিরোধীরাও প্রস্তুত থাকছে কেন্দ্রের পেশ করা বাজেটের ভুল ধরতে। সেই জন্যে তারাও প্রস্তুতি সারছেন। অন্যদিকে এনডিএ শিবির চেষ্টা চালাচ্ছে কীভাবে বাজেটের মাধ্যমেই মানুষের মন জয় করে নেওয়া যায় সেই বিষয়টিকে গুরুত্ব দিতে। তাই এবারের বাজেট হতে চলেছে অন্য যেকোনও বারের থেকে আলাদা।
যা জানা যাচ্ছে, বিরোধী দল কংগ্রেস, তৃণমূল, সিপিআই(এম) সহ অন্যান্যরা সরকারকে অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থান সংকট, এবং মূল্যবৃদ্ধি ইস্যুতে আক্রমণ করতে প্রস্তুত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "গত পাঁচ বছরে কর্মসংস্থান বৃদ্ধি হয়নি, কর্পোরেট কর কমিয়ে বড় ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে, অথচ সাধারণ মানুষের হাতে টাকা নেই"।
বিজেপি-র অন্দরমহলেও স্বীকার করা হচ্ছে যে ভারতীয় অর্থনীতি চাপে রয়েছে। সাম্প্রতিক সময়ে টাকার মূল্য কমেছে, বিদেশি বিনিয়োগ কিছুটা হ্রাস পেয়েছে, এবং আন্তর্জাতিক বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এবারের বাজেটেই সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার, নাহলে বাজারের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, সম্প্রতি উত্তরপ্রদেশের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনা বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। বিরোধীরা এই ঘটনার জন্য যোগী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করতে পারে। এছাড়াও, বিরোধীরা কৃষি সংকট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমানোর বিষয়েও সরকারকে চাপে ফেলতে চাইবে বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা আসতে পারে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), চিপ উৎপাদন, ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির ওপরও জোর দেওয়া হতে পারে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩১ জানুয়ারি সংসদের উভয় কক্ষে ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করবেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্ব মার্চ মাসে অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications