Budget 2025: স্বাস্থ্যবিমায় মিলবে কর ছাড়ের সুবিধা? বাজেট নিয়ে আশায় বুক বাঁধছেন প্রবীণ নাগরিকরা
Budget 2025 Senior Citizens: পয়লা ফেব্রুয়ারি ২০২৫-'২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট নিয়ে প্রত্যাশায় বুক বাঁধছে বিভিন্ন কর্পোরেট থেকে শিল্প প্রতিষ্ঠান-সহ আমজনতাও। প্রবীণ নাগরিকদের (Senior Citizens) বৃহৎ অংশও তাকিয়ে রয়েছেন বাজেট ঘোষণার দিকে।
বয়সকালে তাঁদের উপর আর্থিক বোঝা এই বাজেটে কমবে কি না, তা নিয়ে দিন গুনছেন প্রবীণ নাগরিকরা।গত বাজেটে প্রবীণ নাগরিকদের তেমন কড় ছাড়ের (Tax Relief) সুবিধা প্রদান করা হয়নি। তবে ৭০ বা তার ঊর্ধ্বদের জন্য চালু করা হয়েছিল আয়ুষ্মান প্রকল্প (Ayushman Scheme)।

তবে প্রবীণ নাগরিকদের প্রত্যাশা পূরণে এবারের বাজেটে রয়েছে নানাবিধ সুযোগ। তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কেন্দ্র কী পদক্ষেপ নেয়, তা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে স্বাস্থ্যবিমায় কর ছাড়ের সুবিধা মিলবে কি না, তা নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষা করছেন প্রবীণ নাগরিকরা।
পেনশন সংক্রান্ত কিছু করছাড়ের সুবিধা থাকলেও নতুন আয়কর কাঠামোয় (New Tax Regime) বিমায় করছাড়ের সুবিধা নেই। উল্টে, পুরোনো কর কাঠামোয় যে ছাড় বিমার প্রিমিয়ামে মেলে, নতুন কর কাঠামোয় তা নৈব নৈব চ।
স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বেড়েছে প্রিমিয়ামও। যা মেটাতেও হিমশিম খাচ্ছেন প্রবীণ নাগরিকদের বৃহৎ অংশ। আর সেসব কারণেই নতুন পলিসি কেনা তো দূর, উল্টে পলিসি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। এমতাবস্থায় আসন্ন বাজেটে বিমায় আয়কর ছাড়ের সুবিধা দেওয়া ও ছাড় বাড়ানোর দাবি উঠেছে।
এক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ কেন্দ্রীয় সরকার। প্রবীণ নাগরিকদের তুলনামূলক সস্তা প্রিমিয়ামের পলিসি গ্রহণে উৎসাহ প্রদান করা হতে পারে আসন্ন বাজেটে। নিয়মিত হেলথ চেক আপ, টিকাকরণ ও স্বাস্থ্য সেবামূলক প্রোগ্রামে প্রবীণদের সক্রিয় অংশদানে উৎসাহ প্রদান করতে পারে কেন্দ্রীয় সরকার। এছাড়াও বিমার পলিসির প্রিমিয়ামের ভার লাঘব করতে প্রথম কিস্তির পরিমাণ বেশি রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সরকারের ভর্তুকিযোগ্য স্কিমগুলিতেও জোর দিতে পারে কেন্দ্র। প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে সস্তা প্রিমিয়াম, ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। সেই সমস্ত স্কিমে প্রবীণ নাগরিকদের নাম নথিভুক্ত করতে জোর দিতে পারে কেন্দ্র। এব্যাপারে প্রবীণ নাগরিকদের সাহায্যার্থে বিভিন্ন নন-প্রফিট এনজিও ও সমাজকর্মীদের এগিয়ে আসার আহ্বানও জানাবে কেন্দ্র।
পরিবারকেন্দ্রিক বিমা প্রকল্প বা ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের পথেও হাঁটতে পারে কেন্দ্র। পরিবারের সকল সদস্যের মধ্যে প্রিমিয়াম ভাগাভাগি করার পক্ষে জোর দেওয়া হতে পারে। যার ফলে প্রবীণ নাগরিকদের মাথা থেকে বিমার প্রিমিয়ামের ভার লাঘব হতে পারে। এক ছাতার তলায় গোটা পরিবারের সদস্যদের এনে তুলনামূলক সস্তা প্রিমিয়ামের পক্ষে জোর দেওয়া হতে পারে আসন্ন বাজেটে।












Click it and Unblock the Notifications