Budget 2025: বাজেট শুরুর আগে দই-চিনিতে মিষ্টিমুখ নির্মলার, প্রথা মেনে নিজ হাতে খাইয়ে দিলেন রাষ্ট্রপতি
Budget 2025: শনিবার কেন্দ্রীয় বাজেট পেশের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তার আগে নর্থ ব্লকে সংবাদমাধ্যমের দিকে বাজেটের ট্যাবলেট উঁচিয়ে দেখান তিনি। প্রথা মেনে এদিন রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি (Dahi Cheeni) খাইয়ে দেন।
যেকোনও শুভ কাজের আগে মিষ্টি মুখ করার রেওয়াজ রয়েছে। আর তাই প্রাচীন রীতি মেনে নির্মলাকে মিষ্টি মুখ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বাস করা হয়, মিষ্টি মুখে বাজেট শুরু করলে নিশ্চয়ই ভালো কিছু ঘটবে।

কোনও কাজে সাফল্য কামনা করে মিষ্টি মুখ করা বা দই চিনি খাওয়ার রেওয়াজ রয়েছে। সেই মতো রাষ্ট্রপতির হাত থেকে দই চিনি মুখে দিয়ে বাজেট পেশের যাত্রা শুরু করলেন নির্মলা সীতারামন। এর আগে বাজেট শুরুর রীতি মেনে হালুয়া রান্নার অনুষ্ঠানও পালন করেছেন নির্মলা।
মঙ্গলবার রীতি মেনে সংসদে পালিত হয়েছে হালুয়া উৎসব। সংসদের নর্থ ব্লকের হেঁশেলে হালুয়া তৈরি করেন নির্মলা। বাজেট তৈরির কাজে যথ আধিকারিক নিযুক্ত থাকেন, তাদের সকলকে নিজ হাতে রান্না করা হালুয়া পরিবেশন করেন অর্থমন্ত্রী। বহু যুগ ধরে চলে আসছে এমনই নিয়ম। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটেও তার অন্যথা হয়নি।
এদিন রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে বাজেটে প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও অর্থমন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর সরকারিভাবে বাজেট পেশের অনুমতি দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। টানা অষ্টমবারের বাজেট পেশ করতে সংসদে রওনা দেন নির্মলা সীতারামন।
লাল বাহি খাতার মধ্যে ডিজিটাল ট্যাবে রয়েছে বাজেটের সবকিছু। তা দেখেই বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে ব্রিটিশ যুগে ব্রিফকেস নিয়ে সংসদে এসে বাজেট পেশ করতে হত। তবে ২০২১ সাল থেকে ডিজিটাল ফরম্যাটে বাজেট পেশ করেন নির্মলা। এই নিয়ে পঞ্চমবার ডিজিটাল ফরম্যাটে বাজেট পেশ করবেন তিনি। নির্মলার পূর্বসূরী অরুণ জেটলি, পীযূষ গোয়লা ব্রিফকেসই ব্যবহার করেছেন।












Click it and Unblock the Notifications