Budget 2025 Narendra Modi: “জনতা জনার্দনের বাজেট,” অর্থমন্ত্রী-সহ সকলের ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর
Budget 2025 Narendra Modi: কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাজেটে সংস্কারের দিশা দেখানো হয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। এই বাজেট জনতা জনার্দনের বাজেট বলে উল্লেখ করলেন মোদী। অর্থমন্ত্রী ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জ্ঞাপন মোদীর। পূর্বতন কংগ্রেস সরকার শুধুই দেশে লুটতরাজ চালিয়েছে বলেও নিশানা করলেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, এই বাজেট দেশে ব্যাপক গুণক প্রভাবের (Multiple Effect) সৃষ্টি করবে। যার ফলে দেশে একাধিক কর্মসংস্থান তৈরি হবে। জাহাজ নির্মাণের (Ship Building) ক্ষেত্রে এই বাজেট গতি আনবে বলে মত মোদীর।

পরমাণুক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পথ আরও প্রশস্ত হয়েছে বলে দাবি করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, সাধারণত সরকারের ভাঁড়ার কীভাবে ভরবে সেইদিক মাথায় রেখে বাজেট তৈরি করা হয়। কিন্তু এবারের বাজেট উল্টো। কীভাবে আমজনতার পকেট ভরবে তাতে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।
বাজেটে রোজগারের সমস্ত ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটেন কেন্দ্রে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। পর্যটন ও সেবাক্ষেত্রে রোজগারের উপায় ও সুযোগ বাড়ানো হয়েছে বলে দাবি করেন মোদী। কর্মসংস্থানে বিপুল গতি দেবে এই বাজেট। এই বাজেট সঞ্চয়, বিনিয়োগের পাশাপাশি ভোগব্যয়ের প্রবণতাও বাড়াবে বলে জানান মোদী। বাজেটে মধ্যবিত্তদের জন্যে বিরাট স্বস্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য নরেন্দ্র মোদীর।
আয়করে বিপুল ছাড়ে মধ্যবিত্তরা অনেক লাভবান হবে বলে জানান নরেন্দ্র মোদী। এমনকি যারা নতুন চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে এই করমুক্তি অনেক স্বস্তি দেবে বলে জানান মোদী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনা শর্তে ঋণ প্রদানের সিদ্ধান্তেরও প্রশংসা করেন মোদী। তিনি বলেন, এসসি, এসটি, মহিলাদের এমএসএমইতে উপকার হবে।
মোদী বলেন, উৎপাদন শিল্পে ৩৬০ ডিগ্রি নজর দেওয়া হয়েছে। বিশ্ব বাজারে ভারতীয় পণ্য নজির গড়বে বলে জানান মোদী। আগামিদিনে আরও বড় সংস্কার আনার পথ সুগম করে দিয়েছে এই কেন্দ্রীয় বাজেট। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার আওতায় ১০০টি জেলার কৃষিব্যবস্থা আরও উন্নত হবে বলে জানান মোদী।
প্রসঙ্গত শনিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে মধ্যবিত্তের জন্য বিপুল করছাড়ের ঘোষণা করেছেন তিনি। বার্ষিক ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না নতুন কর কাঠামোয়।












Click it and Unblock the Notifications