Budget 2025 Income Tax: বাজেটে ‘আশার আলো’, নতুন আয়কর কাঠামোয় কত টাকা সাশ্রয়?
Budget 2025 Income Tax: বাজেটে আয়করে বিপুল ছাড় (Income Tax Relief) কেন্দ্রের। ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হত না। এবার সেই ঊর্ধ্বসীমা একলাফে ১২ লক্ষ ৭৫ হাজার করা হল।
কর কাঠামোয় শূন্য থেকে চার লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও কর নেই। বছরে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর। বছরে আট লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর থাকবে।

অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় তো করমুক্তই (Tax Free) থাকছে। কিন্তু ১২ লক্ষের মধ্যে কোনও বিশেষ আয় বা ক্যাপিটাল গেইন থাকলে তখন চার থেকে আট লক্ষের স্ল্যাবের আওতায় দিতে হবে আয়কর।
বার্ষিক ১২ লক্ষ টাকা আয়ে এতদিন কর দিতে হত ৭১ হাজার ৫০০ টাকা। এখন সেই কর দাঁড়াল শূন্যতে। অর্থাৎ গোটা টাকাটাই সাশ্রয় (Savings) হবে। ১৩ লক্ষ টাকা আয় হলে এতদিন কর দিতে হত ৮৮ হাজার ৪০০ টাকা।
এখন কর দাঁড়াল ৬৬ হাজার ৩০০ টাকায়। অর্থাৎ সাশ্রয় হবে ২২ হাজার ১০০ টাকা। ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা। কর দাঁড়াল ৯৭ হাজার ৫০০ টাকায়। সাশ্রয় হবে ৩২ হাজার ৫০০ টাকা।
বার্ষিক ১৭ লক্ষ টাকা আয় হলে আগে কর দিতে হত ১ লক্ষ ৮৪ হাজার ৬০০ টাকা। এখন কর হল ১ লক্ষ ৩০ হাজার টাকা। অর্থাৎ সাশ্রয় হবে ৫৪ হাজার ৬০০ টাকা।
বার্ষিক ২২ লক্ষ টাকা আয়ে কর দিতে হত ৩ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা। এখন কর দিতে হবে ২ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ সাশ্রয় হবে ১ লক্ষ ১০০ টাকা।
বার্ষিক ২৫ লক্ষ টাকা আয়ে কর ছিল ৪ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। কর হল ৩ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকা। ফলে সাশ্রয় হবে ১ লক্ষ ১৪ হাজার ৪০০ টাকা।
প্রত্যাশা ছিলই। আর সেই মতোই ঘোষণা নির্মলা সীতারামনের। ট্যাক্সের স্ল্যাবেও হেরফের করা হয়েছে। ২০ শতাংশের পরই সোজা ৩০ শতাংশ আয়করের স্ল্যাব ছিল এতদিন। সেক্ষেত্রে মাঝে ২৫ শতাংশের স্ল্যাব আনা হল।
সর্বোচ্চ সীমা ৩০ শতাংশের স্ল্যাবই রাখা হল। অর্থাৎ আগে ১৫ লক্ষ টাকার ঊর্ধ্বেই ৩০ শতাংশ আয়কর গুনতে হত, এবার সেই আয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৪ লক্ষ টাকা করে দেওয়া হল।












Click it and Unblock the Notifications