Budget 2025: নির্মলার বাজেট টিমে একাধিক নতুন আমলা, অর্থমন্ত্রীকে সাহায্য করছেন কারা?
Budget 2025: পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। গত জুলাইতে তৃতীয়বার মসনদে নরেন্দ্র মোদী বসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। অর্থনৈতিক বিষয়ক সচিব ও মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছাড়া নির্মলা সীতারামনের বাজেটের স্ট্র্যাটেজি রূপায়ণে থাকছেন নতুন আমলাগণ (Bureaucrats)।
টানা অষ্টমবার কেন্দ্রীয় বাজেট পেশ করছেন নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এই রেকর্ড কারও নেই। আটবারের মধ্যে একবার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তিনি। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদাম্বরম ও যশবন্ত সিনহা টানা পাঁচবার বাজেট পেশ করেছেন।

বৈশ্বিক অনিশ্চয়তা ও অন্তর্দেশীয় চাহিদার অধোগতির মাঝেই বাজেট পেশ করবেন নির্মলা। জনতার ভোগব্যয় বৃদ্ধি করা ও মধ্যবিত্তের করের বোঝা লাঘব করাই নির্মলার বড় চ্যালেঞ্জ।
বাজেট রূপায়ণে নির্মলার সহযোগীরা হলেন ফিনান্স ও রেভিনিউ সচিব তুহিন কান্ত পাণ্ডে, অর্থনৈতিক বিষয়ক সচিব অজয় শেঠ, ভারতের ব্যয় সচিব মনোজ গোভিল, DIPAM & DPE সচিব অরুনীশ চাওলা, অর্থনৈতিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু ও মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরম। আসন্ন বাজেটের কৌশল নির্ধারণে অর্থমন্ত্রীকে সহায়তা করবেন তারা।
অর্থ সচিব তুহিন কান্ত পাণ্ডে গত ৯ জানুয়ারি রেভিনিউ সেক্রেটারির দায়িত্ব নেন। কর ব্যবস্থার সরলীকরণ করে মুনাফা বৃদ্ধি করা তাঁর কাছে বিরাট চ্যালেঞ্জ। ১৯৮৭ সালের আইএএস ব্যাচে ওড়িশা থেকে পাস করেছিলেন তিনি। গত বছর সেপ্টেম্বরে তাঁরে অর্থসচিব হিসেবে নিয়োগ করা হয়।
একই ব্যাচের আইএএস অফিসার অজয় শেঠ। ২০২১ সাল থেকে অর্থনৈতিক বিষয়ক দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। বাজেটে গোটা প্রক্রিয়া, রাজকোষ নীতিতে গুরুত্ব আরোপ করা থেকে শুরু করে মন্ত্রীদের মধ্যে সংযোগ স্থাপন করার গুরুদায়িত্ব রয়েছে তাঁর উপর।
১৯৯১ সালের ব্যাচে মধ্যপ্রদেশ থেকে আইএএস অফিসার হন মনোজ গোভিল। গত বছর অগাস্ট থেকে অর্থমন্ত্রকের ব্যয় সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ব্যয় সচিব হিসেবে নতুন প্রকল্পে অনুমোদন, ব্য়য় সংক্রান্ত গাইডলাইন তৈরিতে মুখ্য ভূমিকা নেবেন তিনি।
১৯৯২ সালের ব্যাচে বিহারের আইএএস অফিসার অরুনীশ চাওলা। অর্থমন্ত্রকের বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব হিসেবে গত ৮ জানুয়ারি দায়িত্ব নেন তিনি। বাকিদের মধ্যে এম নাগারাজু হলেন ১৯৯৩ সালের ব্যাচের ত্রিপুরার আইএএস অফিসার।
২০২৪ এর ১৯ অগাস্ট থেকে অর্থনৈতিক পরিষেবা বিভাগের সচিব রয়েছেন এম নাগারাজু। সবশেষে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরমের কথায় আসা যাত। সীতারামনের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা তিনি। বাজেটের বক্তৃতা তৈরি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তিত রয়েছে তাঁর উপর।












Click it and Unblock the Notifications