Budget 2025: প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বাধিক বরাদ্দ, কোন মন্ত্রক পেল কত টাকা? রইল বিস্তারিত তথ্য
ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ঘোষিত হল কেন্দ্রীয় বাজেট ২০২৫। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। প্রতিরক্ষা থেকে শিক্ষা-স্বাস্থ্য, কোন মন্ত্রকের জন্য কত টাকা বরাদ্দ হল? বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোই বা কী? এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে জোর দিয়ে এসেছে। প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ করা হয়েছে এর আগের বাজেটগুলিতে। এবারের বাজেটে প্রতিরক্ষার জন্য চমকপ্রদ কোনও প্রকল্প ঘোষিত না হলেও সরকারের অগ্রাধিকারের তালিকায় প্রথমে যে আছে ডিফেন্স তা ফের এক বার প্রমাণিত হল। কারণ প্রতিরক্ষা খাতেই সব থেকে বেশি টাকা বরাদ্দ হয়েছে। ৬,৮১, ২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে।

এবারের বাজেটে কৃষির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ করা হয়েছে ১,৩৭, ৭৫৬ কোটি টাকা। কিষাণ ক্রেডিট কার্ড ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ করা হয়েছে। অন্নদাতা এবং অন্ন নির্ভরতার মতো প্রকল্পগুলোতে জোর দেওয়া হয়েছে।
বাজেটে আম জনতার ফোকাসে থাকে স্বাস্থ্য এবং শিক্ষা। কারণ এই দুটো বিষয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকে। শিক্ষাক্ষেত্রে ১,২৮, ৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৯৯, ৮৫৮ কোটি টাকা। এবার থেকে সরকারি স্কুলে থাকবে ব্রডব্যান্ড পরিষেবা। দেশের আইআইটি গুলির পরিকাঠামো বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পাটনা আইআইটি বর্ধিত করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ঘোষণা করা হয়েছে। প্রত্যেক জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার করা হবে। ক্যানসারের ওধুষের ক্ষেত্রে ৩৬ শতাংশ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করলেন সীতারমন। মেডিকেল কলেজগুলিতে ১০ হাজার সিট বৃদ্ধি করা হবে।
আগে রেল বাজেট আলাদা ঘোষণা করলেও মোদী সরকার তা কেন্দ্রীয় বাজেটের সঙ্গে একত্রিত করেছে। এবার রেল মন্ত্রকের জন্য ২,৫৫,৪৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সড়ক এবং পরিবহনের জন্য ২,৮৭,৩৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইনার্জি সেক্টরের জন্য ৮১,১৭৪ কোটি টাকা এবং শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের জন্য ৬৫, ৫৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সামাজিক কল্যাণের জন্য ৬০,০৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞাণ বিষয়ক মন্ত্রকের জন্য ৫৫, ৬৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে কেন্দ্রের স্বপ্নের প্রকল্প খেলো ইন্ডিয়ায় ব্যাপক বরাদ্দ করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে সামগ্রিক বরাদ্দ বৃদ্ধির পরিমাণ ৩৫১.৯৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ক্রীড়াক্ষেত্রের বাজেটে খেলো ইন্ডিয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা।












Click it and Unblock the Notifications