Budget 2024: পরের বছর কি বাতিল পুরনো কর কাঠামো, ঠিক কী বললেন অর্থমন্ত্রী সীতারমন
Budget 2024: নতুন বা পুরনো কর কাঠামোয় কোনও পরিবর্তন না করা হলেও নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে প্রশ্ন উঠছে পুরনো কর ব্যবস্থার গুরুত্ব নিয়ে।
যাঁরা এখনও পুরনো কর ব্যবস্থা অনুসরণ করছেন, তাঁদের মধ্যেই এই প্রশ্ন জাগছে, তাহলে কি পুরনো কর ব্যবস্থা বাতিল হয়ে যাবে, আর সেই কারণেই নতুন কর ব্যবস্থা অনুসরণ করবেন তাঁরা? পুরনো কর ব্যবস্থায় বার্ষিক পাঁচ লক্ষ টাকা আয়ে কোনও আয়কর দিতে হয় না। অন্যদিকে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা।

এব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, পুরনো কর ব্যবস্থা কবে বাতিল করা হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হঠাৎ করে তিনি এব্যাপারে কোনও মন্তব্যও করতে পারেন না। তবে তিনি বলেছেন, কর ব্যবস্থাকে আরও সহজ করতেই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। সেখানে পুরনো কর ব্যবস্থার সূর্যাস্ত হবে কিনা তা তিনি বলতে পারছেন না। প্রসঙ্গত, নতুন কর ব্যবস্থা চালু করা হয়েছিল ২০২০-২১ আর্থিক বর্ষে।
পুরনো কর ব্যবস্থায় বেতনভুকরা বাড়ি ভাড়া, ভ্রমণ ভাতা-সহ বেশ কিচু ছাড় পেয়ে থাকেন। সেই সঙ্গে ৮০ সি, ৮০ ডি, ৮০সিসিডি(১বি)-র অধীনে ছাড় পেয়ে থাকেন। এই ছাড় নতুন কর ব্যবস্থায় পাওয়া যায় না। নতুন কর ব্যবস্থায় করের হাল কম হলেও, ছাড় কম রয়েছে।
নতুন কর ব্যবস্থায় কোথায় সুবিধা
- নতুন কর কাঠামোয় এবার তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর রাখা হয়নি।
- তবে তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর রাখা হয়েছে ৫ শতাংশ।
- সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রাখা হয়েছে ১০ শতাংশ।
- ১০-১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ১৫ শতাংশ।
- ১২.১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ২০ শতাংশ।
- বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার ওপরে হলে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
- নতুন কর কাঠামোয় বেতনভুক কর্মীরা আয়করের ক্ষেত্রে ১৭৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হত না। তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ , ছয় থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত কর ১০ শতাংশ, নয় থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ১৫ শতাংশ এবং ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর ২০ শতাংশ আর ১৫ লক্ষের ওপরে কর ৩০ শতাংশ।
ফলে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছিল না আগেই। এবারও তা রয়েছে। শুধুমাত্র নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করায় কিছুটা স্বস্তি পাবেন বেতনভুকরা।












Click it and Unblock the Notifications