Budget 2024: রেলযাত্রীদের হতাশ করলেন সীতারমন! বাজেটে নতুন ট্রেন থেকে নিরাপত্তা, নেই কিছুই
Budget 2024: সাধারণ বাজেটে রেল নিয়ে প্রত্যাশা ছিল অনেক। যে সময় কিনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা টাটকা, কবচ ব্যবহার করতে হাজার হাজার কোটি টাকা লাগবে, সেই সময় বাজেট বক্তৃতায় ভারতীয় রেলের কথা এসেছে মাত্র একবার।
সেই কথা বলার সময় রেলের নিরাপত্তা কিংবা নতুন ট্রেন, কিছুই উঠে আসেনি। ফলে রেলযাত্রীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। যদিও বাজেটে প্রত্যাশিত হাইলাইটের মধ্যে ছিল বন্দে ভারত, বন্দে মেট্রোর মতো নতুন ট্রেন, মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় আত্মনির্ভর ভারত ও অমৃতকাল উল্লেখ করেছিলেন। কিন্তু তিনি ভারতীয় রেলের জন্য উচ্চ প্রযুক্তির সরঞ্জাম আনার ব্যাপারে কিছু উল্লেখ করেননি। বলে রাখা ভাল, রেলের নেটওয়ার্কে প্রযুক্তি আপডেট করার বিষয়ে কোনও ঘোষণা থাকলে এটি অবশ্যই ভারতকে আরও স্বনির্ভর করার দিকে একটি পদক্ষেপ হতে পারত।
গত বছরের পর এই বছরেও সারা দেশে একাধিক রেল দুর্ঘটনা হয়েছে। সেই সব দুর্ঘটনায় কবচ ব্যবস্থার মাধ্যমে রেলের নিরাপত্তা মান উন্নত করার বিষয়টি বারে বারে উঠে এসেছে। সেখানে পূর্ণাঙ্গ রেল বাজেটে অনেক কিছু প্রত্যাশা ছিল। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোনও ঘোষণাই করেননি।
কেন্দ্রীয় বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশের পরিকাঠামোয় উন্নতির কথা বলা হলেও রেলমন্ত্রীর বাজেট বক্তৃতায় নতুন ট্রেন কিংবা আধুনিকীকরণের কোনও কথা উঠে আসেনি।
বাজেটে রেলমন্ত্রী একবার মাত্র রেলের কথা উল্লেখ করেছেন। অন্ধ্রপ্রদেশের পরিকাঠামো উন্নয়নের কথা ঘোষণা করতে গিয়ে তিনি বিশাখাপত্তনম-চেন্নাই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু শিল্প করিডরে জল, বিদ্যুৎ, রেলপথ এবং রাস্তার মতো প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য তহবিল তৈরির কথা বলেছেন।
অন্তর্বর্তী বাজেটে রেলখাতে বরাদ্দের কথা জানিয়েছিলেন। কিন্তু পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতায় ভারতীয় রেলের জন্য কোনও নতুন পরিকল্পনা বা উদ্যোগের কথা তিনি ঘোষণা করেননি। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তী রেল বাজেচে রেলখাতে যে বরাদ্দ করা হয়েছিল, তা কোনও পরিবর্তন ছাড়াই থেকে যাবে।
শুধু কেন্দ্রীয় অর্থমন্ত্রীই নয়, বাজেট পেশ হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত এক দশকে ২৫ কোটি মানুষ দারিদ্র সীমার ওপরে উঠে এসেছেন। তিনি বলেছেন, বাজেটের লক্ষ্য হল উদীয়মান মধ্যবিত্তদের ক্ষমতায়ন করা, যুবকদের জন্য সুযোগ তৈরি করা। কিন্তু তার মুখেও ভারতীয় রেল নিয়ে কোনও কথা শোনা যায়নি।












Click it and Unblock the Notifications