Budget 2024: বাজেট নিয়ে বুধবার সংসদে প্রতিবাদ! নীতি আয়োগের বৈঠকে ‘না’ অধিকাংশ বিরোধী মুখ্যমন্ত্রীর
Budget 2024: তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটকে বৈষম্যমূলক বলে অভিযোগ করল ইন্ডিয়া ব্লক। যে কারণে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সংসদে বিক্ষোভ দেখাবেন ইন্ডিয়া ব্লকের নেতারা।
তাঁরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাজেটে রাজ্যগুলির অধিকার লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলির প্রতি বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিরোধী নেতারা।

বৈঠকে কারা ছিলেন, কারা ছিলেন না
মঙ্গলবার, বিরোধী দলের নেতারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের বাসভবনে বৈঠক করেন। সেখানে মল্লিকার্জুন খারগে ছাড়াও হাজির ছিলেন, রাহুল গান্ধী, জয়রাম রমেশ, শরদ পাওয়ার, প্রমোদ তিওয়ারি, সঞ্জয় সিং, ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, টিআর বালু, তিরুচি শিবা, সন্তোষ কুমার, সঞ্জয় রাউত, মহঃ বসির, হনুমান বেনিওয়াল-সহ আরও অনেকে। এই বৈঠকে ছিলেন না সমাজবাদী পার্টির কোনও নেতা।
নীতি আয়োগের বৈঠক বয়কট?
২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের সভা হতে চলেছে। সেখানে বিরোধী দল শাসিত রাজ্যগুলির অধিকাংশ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন না বলে জানা গিয়েছে। এদিন ইন্ডিয়া ব্লকের নেতাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ২৬ জুলাই দিল্লি যাচ্ছেন।
যাবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় বাজেটে তামিলনাডুকে অবহেলার কারণে ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন। তিনি বলেছেন, তাঁর এই পদক্ষেপ ন্যায়সঙ্গত কারণ, কেন্দ্র তামিলনাড়ুকে সম্পূর্ণ রূপে উপেক্ষা করেছে। তিনি বলেছেন, তামিলনাড়ুর অধিকার নিশ্চিত করতে তারা জনগণের আদালতে লড়াই চালিয়ে যাবেন। ডিএমকে সাংসদরা ২৪ জুলাই সংসদ ভবনে বিরোধী সাংসদদের বিক্ষোভে হাজির থাকবেন বলেও জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications