Budget 2024:২১-এর সর্বদল বৈঠকের পর JDU-এর 'নয়া' অবস্থান! তাহলে কি বিরোধীদের দাবি সত্যি,জল্পনা তুঙ্গে
Budget 2024: গত দশ বছরের মধ্যে বিরোধীরা যা বলতে পারেনি, এখন তা বারে বারে বলছে। যেমন এদিন অখিলেশ যাদব কলকাতায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে বলেছেন, দিল্লির সরকার থাকবে না, পড়ে যাবে। পরিস্থিতি তৈরি হয়েছে, এবারের নির্বাচনে বিজেপি ২৪০-এ সীমাবদ্ধ হয়ে পড়াতেই।
তবে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর জন্য বিজেপিকে ক্র্যাচে ভর দেওয়ার মতো দুই দল টিডিপি ও জেডিইউ-এর ওপরে নির্ভর করতে হচ্ছে। তার মধ্যেই ফের একবার এই সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে, এমনটাই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা।

২৩ জুলাই সরকার সংসদে ২০২৪-২৫ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তার আগে ২১ জুলাই সর্বদল বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই সরকারকে সমর্থকারী জেডিইউ কার্যত নয়া অবস্থান নিয়েছে। আগে তারা দাবি করেছিল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। আর এদিন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা বলেন, সরকার যদি মনে করে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না, তাহলে অন্তত দুটি বিশেষ প্যাকেজ দেওয়া যেতে পারে।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে জেডিইউ সাংসদ বলেছেন, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তারাই প্রথম তুলেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই দাবি নিয়ে বড় বড় সমাবেশ করেছেন। সরকার যদি মনে করে এটা করতে সমস্যা আছে, তাহলে তারা বিহারের জন্য দুটি প্যাকেজের দাবি করছেন। যা সরকারের সামনে রাখা হয়েছে বলেও জানিয়েছে জেডিইউ সাংসদ।
সূত্রের খবর, বিহারের জেডিইউ সরকার রাজ্যে নটি নতুন বিমানবন্দর, দুটি বিদ্যুৎ প্রকল্প, সাতটি মেডিক্যাল কলেজ তৈরি করতে চায়। এর জন্যও কেন্দ্রের কাছ থেকে টাকার দাবি করেছে জেডিইউ।
তবে শুধু জেডিইউই নয়, টিডিপিও সরকারের কাছে তাদের রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি করেছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য নিঃশর্ত দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ করার দাবি করেছে তারা। টিডিপি অন্ধ্রপ্রদেশের রাজধানী শহর এবং একটি সেচ প্রকল্পের উন্নয়নের জন্য টাকা চেয়েছে বলে জানা গিয়েছে.
২২ জুলাই সোমবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে রবিবার ২১ জুলাই সর্বদল বৈঠক বসে। সেখানে অংশ নেয় বিজেপি-সহ ৪৪ টি দলের সদস্যরা। সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, বৈঠকে মন্ত্রী-সহ ৫৫ জন নেতা অংশ নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বৈঠকে সভাপতিত্ব করেছেন রাজ্যসভায় বিজেপির নেতা জেপি নাড্ডা। তিনি জানিয়েছেন, সব দলের নেতাদের পরামর্শ নেওয়া হয়েছে। কারণ সুষ্ঠু ভাবে সংসদ পরিচালনা করতে সরকার ও বিরোধী উভয়েরই দায়িত্ব রয়েছে।












Click it and Unblock the Notifications