এক টাকায় দীপাাবলি চমক, বিনামূল্যে ৩০ দিনের কল ও ডেটা পরিষেবা নিয়ে এলো বিএসএনএল
দীপাবলি উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে গ্রাহকদের জন্য এক অভিনব উপহার ঘোষণা করল ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএল। সংশ্লিষ্ট সংস্থাটি নিয়ে এল মাত্র ১ টাকার দীপাবলি অফার, যেখানে নতুন গ্রাহকরা পাবেন ৩০ দিন সম্পূর্ণ ফ্রি মোবাইল পরিষেবা, এছাড়াও সঙ্গে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০টি ফ্রি এসএমএস।
এই বিশেষ উৎসব অফারটি ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, দীপাবলির মাস জুড়ে বিএসএনএল গ্রাহকরা পাবেন এক অভিনব উপহার, অত্যাধুনিক 'মেক ইন ইন্ডিয়া' ৪ জি নেটওয়ার্কের স্বাদ মাত্র এক টাকাতেই।

সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ. রবার্ট জে. রবি বলেন, "দেশ যখন আলোর উৎসব উদযাপন করছে, তখন আমরা চাই মানুষ আমাদের আধুনিক ৪ জি পরিষেবার অভিজ্ঞতা লাভ করুক। এই 'দিওয়ালি বনানজা প্ল্যানের' মাধ্যমে গ্রাহকদের আমরা সেই সুযোগই দিচ্ছি।"
তিনি আরও জানান, এই ১ টাকার প্ল্যান ছাড়াও বিভিন্ন শ্রেণির গ্রাহকদের কথা মাথায় রেখে বিএসএনএল আরও পাঁচটি নতুন ফেস্টিভ প্ল্যান চালু করেছে। যার মধ্যে কিছু প্ল্যান বিশেষভাবে তৈরি হয়েছে বেশি ডেটা ব্যবহারকারীদের জন্য, আবার কিছু প্ল্যান তাদের জন্য যারা বেশি কথা বলেন বা মেসেজ পাঠান।
টেলিকম দুনিয়ায় এই ঘোষণা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। যেখানে অন্যান্য সংস্থাগুলি ক্রমশ রিচার্জের দাম বাড়াচ্ছে, সেখানে সরকারি সংস্থা বিএসএনএল এর এই অফার সাধারণ গ্রাহকের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা। তবে এই পদক্ষেপ বিএসএনএল এর গ্রাহক সংখ্যা বাড়াতে বড় ভূমিকা নেওয়ার পাশাপাশি সংস্থার ৪ জি পরিষেবার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে।
উৎসবের মরসুমে এমন চমকপ্রদ অফার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে বলেই আশা করছে সংস্থাটি।












Click it and Unblock the Notifications