গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর! জলপথে অভিযানে বিএসএফের মহিলা জওয়ানরা, দেবেন বিশেষ বার্তা
BSF Plan: দীপাবলি মিটলেই বিশেষ অভিযানে নেমে পড়ছেন বিএসএফের মহিলা জওয়ানরা। পাড়ি দেবেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর। জলপথে যার আনুমানিক দূরত্ব ২,৩২৫ কিলোমিটার।
রাফটিংয়ে পারদর্শী এই জওয়ানরা। তাঁরা অভিযান শুরু করছেন নভেম্বরের ২ তারিখ। পাঁচটি রাজ্য অতিক্রম করতে তাঁদের সময় লাগবে ৫৩ দিন।

বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, এই অভিযান গঙ্গাসাগরে গিয়ে শেষ হবে ডিসেম্বরের ২৪ তারিখ। উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড অতিক্রম করে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে পৌঁছবে মহিলা জওয়ানদের টিম। বিশেষ উদ্দেশ্য নিয়েই এই অভিযান বলে জানা গিয়েছে।
অভিযান চলাকালীন গঙ্গাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, নারী ক্ষমতায়ন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বার্তাও দেবেন জওয়ানরা। গঙ্গোত্রী থেকে অভিযান শুরু। দেবপ্রয়াগ ঘাটে বিএসএফের ইনস্পেক্টর জেনারেল রাজা বাবু সিং অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।
নভেম্বরের ৪ তারিখ হরিদ্বারে তাঁরা পৌঁছবেন। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হরিদ্বারের চণ্ডীঘাটে এই অভিযাত্রী দলকে স্বাগত জানাতে থাকবেন বিএসএফের কর্তারাও। থাকছে বিএসএফের ব্রাস ব্যান্ডও।
বিএসএফের ৬০ জওয়ানের দল এই অভিযানে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। থাকবেন ২০ জন মহিলা রাফটার। দেশের নানা প্রান্তে তাঁরা গঙ্গাকে স্বচ্ছ রাখা, নারী ক্ষমতায়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাবেন। গঙ্গার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য থেকে শুরু করে সমাজে মহিলাদের ভূমিকাদের কথাও গুরুত্ব পাবে এই অভিযানে।
অভিযান চলাকালীন বিভিন্ন জায়গায় নেমে স্থানীয়দের সঙ্গে কথাও বলবেন অভিযাত্রী দলের সদস্যরা। ৯ নভেম্বর বুলন্দশহরে থাকছে একটি সচেতনতামূলক কর্মসূচি। গঙ্গাকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখলে পরিবেশের উপর যে ইতিবাচক প্রভাব পড়ে সেই কথা সকলকে জানানো হবে। তুলে ধরা হবে সমাজে নারীদের ভূমিকা ও গুরুত্বের বিষয়ও।
যাত্রাপথে গঙ্গা আরতি, প্রভাতফেরি, ভজন-সহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ভারতকে আরও শক্তিশালী করতে গঙ্গাকে স্বচ্ছ রাখার বার্তা দেওয়া হবে। ভারতের বিকাশ ও অগ্রগতিতে নারীদের গুরুত্ব, সুন্দর সমাজ গড়তে তাঁদের ভূমিকা-সহ নানাবিধ বিষয় উল্লেখ করে নারী ক্ষমতায়নকেও উৎসাহিত করতে বিএসএফের এই কর্মসূচি।












Click it and Unblock the Notifications