শুখা বিহারে মদ্যপ অবস্থায় বিয়ের পিঁড়িতে বর, কনে ভাঙলেন বিয়ে
বিহারে মদ্যপ অবস্থায় বিহারে বর বিয়ে করতে আসায় কনে বিয়ে ভেঙে দিলেন। বিয়ে করতে আসা যুবকের নাম বিট্টু পান্ডে। শনিবার তাঁর বিয়ে হওয়ার কথা ছিল রানি কুমারীর সঙ্গে।
পাটনা, ২ মে : বেশ কিছুদিন হল বিহারে মদ নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর তাতে যে মানুষের সমর্থন রয়েছে তার প্রমাণ নানা সময়ে পাওয়া গিয়েছে। এবারও তার প্রমাণ মিলল। মদ্যপ অবস্থায় বিহারে বর বিয়ে করতে আসায় কনে বিয়ে ভেঙে দিলেন।
বিয়ে করতে আসা যুবকের নাম বিট্টু পান্ডে। শনিবার তাঁর বিয়ে হওয়ার কথা ছিল রানি কুমারীর সঙ্গে। তবে নিজের বিয়ের মন্ডপে মদ্যপ বিট্টুকে দেখে মেনে নিতে পারেননি হবু স্ত্রী রানি। আর সেজন্য বৌ না নিয়ে একলা হাতেই বিয়ে না করে ফিরতে হয়েছে বিট্টুকে।

তবে এমনটা হওয়ার কথা ছিল না। বিয়ের প্রায় সমস্ত রীতি-রেওয়াজই মেনেছিলেন রানি কুমারী। তবে একেবারে শেষ রীতি সিঁদুর দেনের সময় তিনি বেঁকে বসেন। কারণ ২৪ বছরের বিট্টু মদ খেয়ে অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এবং বিয়ের মন্ত্রটুকু উচ্চারণ করতে পারছিলেন না।
এই দেখে বিয়ে করতে অস্বীকার করেন কনে রানি কুমারী। বলেন, "বিট্টু মদে ডুবে রয়েছে। ওকে বিয়ে করব না।" এই বলে বক্সার জেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা রানি মন্ডপ ছেড়ে চলে যান।
অগত্যা মেয়েকে রাজি না করাতে পেরে ৭০ কিলোমিটার দূর রোহতাস জেলা থেকে আসা বরযাত্রীর দল ফিরে যেতে বাধ্য হয়। বরের তুতো ভাই জয় নিবাস পান্ডে জানিয়েছেন, কনে একগুঁয়ে ছিলেন। তবে এখনও বিয়েতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও মদ খাওয়ার বিষয় নিয়ে বরপক্ষ মুখে কুলুপ এঁটেছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বিহারে মদ নিয়ে কড়া আইন হয়েছে। তা মোতাবেক মদ খাওয়া, সঙ্গে রাখা, মদ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। সেই অপরাধে সর্বোচ্চ শাস্তি রয়েছে ১০ বছরের কারাবাস।












Click it and Unblock the Notifications