অতীতের সব রেকর্ড ভেঙে গেল, দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি
গরম তাওয়ার উপরে বসে রয়েছে দিল্লি? না কি প্রবল গরমে পুড়ছে দেশের রাজধানী? তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছিল দিল্লিতে। তবে বুধবার সব রেকর্ড ভেঙে গেল। অতীতের যাবতীয় ইতিহাস ভেঙে সর্বোচ্চ গরম পড়ল আজ বুধবার ২৯ মে।
বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২. ৩ ডিগ্রি সেলসিয়াস। এত দিন পর্যন্ত ৫২ ডিগ্রি ছিল দিল্লির সর্বোচ্চ উষ্ণতার রেকর্ড। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, দিল্লির মুঙ্গেশপুরে বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা এই রেকর্ড তৈরি করেছে। বিকেল ৪ টে বেজে ১৪ মিনিটে এই তাপমাত্রা পরিমাপ করা হয়।

কিন্তু কেন এই প্রবল গরম দেখা যাচ্ছে দিল্লিতে? হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থান থেকে গরম বাতাস দিল্লিতে ঢুকছে। মুঙ্গেশপুর, নারেলা, নফজগড় প্রভৃতি এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটি তাপমাত্রাই পাল্লা দিয়ে বাড়ছে। দিল্লির বাইরের অঞ্চলগুলির তাপমাত্রা এমন মাত্রা ছাড়াচ্ছে। ফলে রাজধানীর ভিতর অংশও তেতেপুড়ে থাকছে।
দীর্ঘ দিন ধরেই এই জ্বালানো পোড়ানো গরম দেখা যাচ্ছে দিল্লিতে। আজ রেকর্ডের সঙ্গে সব সীমাও যেন পার করে ফেলল। আরও কি বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা? ঝেঁপে বৃষ্টি হবে কবে? কত দিন এই অসহ্য গরম সহ্য করতে হবে? কবে থেকে নামবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ? এই সব প্রশ্নই এখন দিল্লিতে লোকমুখে ঘোরাফেরা করছে।
হাওয়া অফিস এখনও তেমন কোনও স্বস্তির খবর শোনাতে পারেনি দিল্লির বাসিন্দাদের। মাস ফুরনোর শেষ এই দুদিন একই আবহাওয়া থাকবে। ১ জুন থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি হবে থেকে দিল্লিতে হবে? সেই বিষয়ে কোনও আশা এখনও দেখা যায়নি। প্রবল গরমের পরে এদিন বিকেলের পরে দিল্লির কিছু জায়গায় বৃষ্টি হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications