Jammu Tawi Express: জম্মুতাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক! দক্ষিণেশ্বরে ট্রেন থামিয়ে চলল তল্লাশি
Jammu Tawi Express: কলকাতাগামী জম্মুতাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়। এরপরেই দক্ষিণেশ্বরে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি ও আরপিএফের একাধিক আধিকারিক। নিয়ে আসা স্নিফার ডগও। গোটা ট্রেন (Indian Rail) পরীক্ষা করা হয়।
যা নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। এই ঘটনার জেরে ওই লাইনে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতাগামী জম্মুতাওয়াই এক্সপ্রেসের (Jammu Tawi Express) এস-৮ কামরায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন যাত্রীরা।

তাদের দাবি, সেই ব্যাগ থেকে অদ্ভত আওয়াজ আসছিল। অনেকটা টাইম বোমার মতো বলে দাবি ট্রেন যাত্রীদের। এরপরেই গোটা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ১৩৯-এ ফোন করে গোটা বিষয়টি জানান যাত্রীরা। তড়িঘড়ি কলকাতাগামী জম্মুতাওয়াই এক্সপ্রেসটিকে (Jammu Tawi Express) থামানো হয় দক্ষিণেশ্বর স্টেশনে। সমস্ত যাত্রীকে নামানো হয়।
ঘটনাস্থলে আসে জিআরপি ও আরপিএফ। সম্পূর্ণ ট্রেনটিকে (Jammu Tawi Express) পরীক্ষা করা হয়। এবং যে ব্যাগ থেকে আতঙ্ক ছড়ায় সেটিকেও পরীক্ষা করেন আধিকারিকরা। যার জেরে দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বর স্টেশনেই দাঁড়িয়ে থাকে কলকাতাগামী জম্মুতাওয়াই এক্সপ্রেসটি। যদিও শেষমেশ কিছু পাওয়া যায়নি বলেই খবর।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে পাঞ্জাবের একাধিক স্টেশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি চিঠি আসে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার নামে সেই চিঠি দেওয়া হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।












Click it and Unblock the Notifications