দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক, ট্রেন থামিয়ে তল্লাশি গাজিয়াবাদে
নয়াদিল্লি, ৩ জানুয়ারি : দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্কের জেরে রবিবার সকালে গাজিয়াবাদে ট্রেনটি থামিয়ে খালি করা হল।
ট্রেনটিতে সম্ভাব্য বিস্ফোরণের একটি হুমকি মেল দিল্লি পুলিশের কাছে পৌঁছয় এদিন সকালে। দিল্লি পুলিশের তরফে অবিলম্বে এই বিষয়ে রেল দফতরকে জানানো হয়। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গাজিয়াবাদের কাছে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।

কিছুক্ষণের মধ্যেই স্নিফার ডগ সহ বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। ট্রেন খালি করে করে দিয়ে কড়া তল্লাশি অভিযান চালানো হয়।
রেল দফতরের তরফে জানানো হয়েছে, ট্রেনটি ঠিক সময়েই (সকাল ৬ টা ১০ মিনিট) চলছিল। সকাল ৬ টা ২৩ মিনিট নাগাদ দিল্লি পুলিশের তরফে তথ্য আসলে তড়িঘড়ি গাজিয়াবাদ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়। তল্লাশির পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
তবে এই ঘটনার জেরে এই লাইনের অন্যান্য বহু ট্রেনই লাইনে দাঁড়িয়ে পড়ে। যে ট্রেনে বোমাতঙ্ক ছিল সেই ট্রেনটি ছাড়া অন্যান্য বেশ কিছু ট্রেনেও তল্লাশি অভিযান চালানো হয়েছে।
শনিবারের পাঠানকোট জঙ্গি হামলার পর রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications