গোরেগাঁও-এর বাংলোয় বেআইনি নির্মাণ, বিগ বি-কে নোটিস বৃহন্মুম্বই পুরসভার
বেআইনি নির্মাণের অভিযোগে এবার বিগ বি অমিতাভ বচ্চনকে নোটিস পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরসভা, একটি আরটিআই আবেদনের প্রেক্ষিতে জানাল বিএমসি
বেআইনি নির্মাণের অভিযোগে এবার বিগ বি অমিতাভ বচ্চনকে নোটিস পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। তাঁর সঙ্গেই আরও ৭জনকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বেআইনি নির্মাণের পরও তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে গ্রেটার মুম্বই পুরসভার কাছে আবেদন জানিয়েছিলেন আরটিআই কর্মী অনিল গলগালি। তথ্য জানার অধিকারে তিনি জানতে চান ২০১৬ সালে অমিতাভ সহ বাকিদের যে নোটিস পাঠানো হয়েছিল বর্তমানে তা কোথায় রয়েছে।

অনিল গালগালি জানিয়েছেন, ২০১৬ সালেই এমআরটিপি নোটিস পাঠানো হয়েছিল অমিতাভ সহ ৮ জনকে। গোরেগাঁও-এর বাংলোতে প্ল্যানের বাইরে গিয়ে তাঁরা নির্মাণ করেছেন বলে অভিযোগ করা হয়েছিল। জবাবে বিএমসি জানিয়েছে, পুরসভার মঞ্জুর করা প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণ করায় অমিতাভ বচ্চন, রাজকুমার হিরানি সহ আরও কয়েকজনকে গত বছরের ৭ই ডিসেম্বর নোটিস পাঠানো হয়।
এদিকে নোটিস পাওয়ার পর আর্কিটেক্ট শশাঙ্ক কোকিল চলতি বছরের জানুয়ারি মাসে একটি প্রস্তাব জমা দেন। যদিও গ্রেটার মুম্বই পুরসভা সেই প্রস্তাব নাকচ করে দেয়। এরপরই মে মাসে পি সাউথ ওয়ার্ডের দফতর জানিয়ে দেয়, যা প্ল্যান মঞ্জুর হয়েছে, সেই অনুযায়ীই কাজ হবে।
অপরদিকে বেআইনি নির্মাণ ভেঙে ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও চিঠি দিয়েছেন অনিল গালগালি। আগামী দিনে অমিতাভের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে তদন্ত করবে গ্রেটার মুম্বই পুরসভা।












Click it and Unblock the Notifications