বাজি না ফাটিয়ে দিওয়ালিতে অন্য কিছু করার পরামর্শ লালুপ্রসাদের ছেলে তেজের
লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব এমন এক অভিনব পরামর্শ দিয়েছে যা করলে দূষণ নিয়ন্ত্রণ যেমন হবে তেমনই শব্দবাজি ফাটানোর মনঃকামনা পূর্ণ হবে।
দিওয়ালিতে শব্দবাজি ও বায়ুদূষণ নিয়ে সারা দেশে হইচই শুরু হয়েছে। এই প্রেক্ষিতেই লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব এমন এক অভিনব পরামর্শ দিয়েছে যা করলে দূষণ নিয়ন্ত্রণ যেমন হবে তেমনই শব্দবাজি ফাটানোর মনঃকামনা পূর্ণ হবে। বলা যায় দুধের স্বাদ ঘোলে মিটবে।

তেজপ্রতাপের পরামর্শ, শব্দবাজির পরিবর্তে বেলুন ফাটাও। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ বলেন, বাজিতে দূষণ হয়। ফলে তার চেয়ে ভালো বেলুন ফাটান। এতে কোনও সমস্যা হবে না।
সারা দেশের মধ্যে দিল্লির বাতাস সবচেয়ে দূষিত। সেজন্য এবছর দিল্লিতে বাজি কেনা-বিক্রি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। পরিবেশ দূষণ নিয়ন্ত্রক পর্ষদও দিল্লির বাতাসের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। এই অবস্থায় তেজপ্রতাপের পরামর্শকে অনেকেই ইতিবাচকভাবে নিয়েছেন।
দিল্লির বাতাসের যা অবস্থা তাতে আগামী মার্চ মাস পর্যন্ত নানা ধরনের পদক্ষেপ করে বাতাসের গুণাগুণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। গত কয়েকবছরে শুধুমাত্র দিল্লির দূষিত বাতাস বহু মানুষকে অসুস্থ করে দিয়েছে। বলা যায় স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা তৈরি হয়েছে। সেই অবস্থা থেকে বেরোতে তেজপ্রতাপের পরামর্শ বিশেষ সহায়ক হতে পারে।












Click it and Unblock the Notifications