Tripura Panchayat Election: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে কার্যত বাংলার ছবি! ৭০ % আসনে বিনা-যুদ্ধে জয়ী BJP
Tripura Panchayat Election: আগামী আট অগাস্ট ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তবে আর আগে সেখানকার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সত্তর শতাংশ আসনে জয়ী বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পঞ্চায়েত নির্বাচনে বাংলার থেকে ত্রিপুরায় একটাই তফাত, বাংলায় ছিল তৃণমূল আর ত্রিপুরায় বিজেপি।
ত্রিপুরায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৬৮৮৯ টি। এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮০৫ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। গতবার অর্থাৎ ২০১৯-এ বিজেপি ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল।

গ্রাম পঞ্চায়েতের ৭১% আসনে জয়ী বিজেপি
গ্রাম পঞ্চায়েতের ৬৩৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৫৫০ টি আসনে জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ৭১ শতাংশ আসনে রাজ্য নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে না।
সব আসনে প্রার্থী দেয়নি বিজেপি
গ্রাম পঞ্চায়েতের বাকি ১৮১৯ টি আসনে নির্বাচন হবে ৮ অগাস্ট। যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে ১৮০৯ টি আসনে। সিপিআইএম প্রার্থী দিয়েছে ১২২২ টি আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৭৩ টি আসনে। এদিন এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিতকুমার দাস। বিজেপির সহযোগী তিপ্রা মথা ১৩৮ টি আসনে প্রার্থী দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশষনের সচিব জানিয়েছেন, বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে পশ্চিম ত্রিপুরা জেলার মহেশখালা পঞ্চায়েতের একটি আসনে এখনই নির্বাচন হবে না।
পঞ্চায়েত সমিতির ৫৫% আসনে জয়ী বিজেপি
নির্বাচন কমিশনের সচিব আরও জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির ৪২৩ টি আসনের মধ্যে ২৩৫ অর্থাৎ ৫৫ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ৮ অগাস্ট পঞ্চায়েত সমিতির ১৮৮ টি আসনে নির্বাচন হবে।
এই ১৮৮ টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিআইএম ও কংগ্রেস যথাক্রমে ১৪৮ ও ৯৮ টি আসনে প্রার্থী দিয়েছে। তিপ্রা মোথা ১১ টি আসনে প্রার্থী দিয়েছে।
জেলা পরিষদের ১৭% আসনে জয়ী বিজেপি
অন্যদিকে, জেলাপরিষদের ১১৬ টি আসনের মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২০ টি আসনে। অর্থাৎ তারা প্রায় ১৭ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
জেলা পরিষদের বাকি ৯৬ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিআইএম এবং কংগ্রেস যথাক্রমে ৮১ ও ৭৬ টি আসনে প্রার্থী দিয়েছে।
বিরোধীদের অভিযোগ
বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে প্রার্থী দিতে বাধা দেওয়া হয়েছে। কিংবা প্রার্থী দেওয়ার পরেও জোর করে তা প্রত্যাহার করানো হয়েছে। ত্রিপুরার বাম নেতারা বলছেন, একেবারে পশ্চিমবঙ্গের চিত্র দেখা যাচ্ছে ত্রিপুরায়। পশ্চিমবঙ্গে করছে তৃণমূল আর ত্রিপুরায় জোর জুলুম করছে বিজেপি।
ভোটগণনা
ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ জুলাই। আট অগাস্ট ভোটগ্রহণের পরে ১২ অগাস্ট ভোটগণনা করা হবে।












Click it and Unblock the Notifications