ত্রিপুরায় ফের বিজেপির সরকার! ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষায় একনজরে সম্ভাব্য ফলাফল
বাম-কংগ্রেস জোট বা টিপ্রামোথাকে টেক্কা দিয়ে বিজেপি এখানে ম্যাজিক ফিগার সংগ্রহ করে নেবে বলে আভাস এই সমীক্ষায়। তবে পা পিছলোতেও পারে।
ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে এবার ভোট জয়ের অঙ্ক ছিল জটিল। ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। তা সত্ত্বেও বাম-কংগ্রেস ও টিপ্রামোথার লড়াইকে গৌণ করে বিজেপিই জয়ী হবে ত্রিপুরায়। এমনই আভাস মিলেছে ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষায়। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ উত্তর পূর্বের ত্রিপুরা রাজ্যে পা পিছলোতে পারে একটু হলেই। বিজেপি মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আভাস বুথ ফেরত সমীক্ষায়।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা
ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবারও এককভাবে ক্ষমতায় আসতে চলেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। আইপিএফটির সঙ্গে জোট করে বিজেপি মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে পূর্বাভাস এই সমীক্ষায়। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২০২৩-এর নির্বাচনে পেতে পারে ৩১টি আসন। উল্লেখ্য, ৬০ আসনের ত্রিপুরায় ৩১-ই হল ম্যাজিক ফিগার।

বাম-কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা
২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস এখানে শূন্যে নেমে গিয়েছিল। ২০২৩-এর নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে লড়ছে ত্রিপুরায়। এ রাজ্যে বাম-কংগ্রেসের জোট ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ১৬টি আসন পেতে পারে। অর্থাৎ তারাও সংখ্যা গরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে থাকবে। ফলে বিজেপিকে আটকানো এবারও দুঃসাধ্য হয়ে যাচ্ছে তাদের পক্ষে। টিপ্রামোথা ভালো ফল করলেও বাম-কংগ্রেস জোট বিজেপিকে রুখতে ব্যর্থ হচ্ছে।

টিপ্রামোথার সম্ভাব্য আসন সংখ্যা
ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী টিপ্রামোথা ত্রিপুরার কিং-মেকার হতে পারছে না। কেননা বাম-কংগ্রেস জোট বা টিপ্রামোথাকে টেক্কা দিয়ে বিজেপি এখানে ম্যাজিক ফিগার সংগ্রহ করে নেবে বলে আভাস এই সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার টিপ্রামোথা পেতে পারে ১২টি আসন।

তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা
তৃণমূল কংগ্রেস বাংলার নির্বাচনে জিতেই ত্রিপুরার নজর দিয়েছিল। ত্রিপুরায় অন্যান্য রাজ্যের আগে ইউনিট গড়লেও তৃণমূলের প্রাপ্তি শূন্যই থেকে যাবে এবার। ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় অন্যান্যরা পেতে পারে মাত্র একটি আসন। এই সমীক্ষায় তৃণমূল-সহ অন্যান্যদের কোনও আশা নেই। তৃণমূল বাদে নির্দল রয়েছে এই নির্বাচনী লড়াইয়ে।

ত্রিপুরার সম্ভাবনা ২০২৩-এ
এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়াই মূলত সীমাবদ্ধ থাকছে বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে। ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী টিপ্রামোথা কিং-মেকারের ভূমিকা নিতে পারছে না বাম-কংগ্রেসের ব্যর্থতায়। টিপ্রামোথা উফজাতি অঞ্চলে বিজেপিকে ঠেকালেও সমতলে বিজেপিকে রুখতে ব্যর্থ হবে বাম-কংগ্রেস জোট।

গতবারের নির্বাচনের ফলাফল
২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। বিজেপি একাই পেয়েছিল ৩৬টি আসন। ৬০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ছিল ৩১। বিজেপির জোটসঙ্গী আইপিএফটি ৮টি আসন পেয়েছিল। আর বামেরা পেয়েছিল ১৬টি আসন। কংগ্রেস কোনও আসনে জিততে পারেনি। তৃণমূলও পেয়েছিল শূন্য। ফলে সরকার গড়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।












Click it and Unblock the Notifications