এক দেশ এক ভোট বিল পেশের দিনই অনুপস্থিত! দলের ২০ সাংসদকে নোটিশ বিজেপির
লোকসভার শীতকালীন অধিবেশনেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনতে মরিয়া হয়েছে বিজেপি। তাই মঙ্গলবার পার্লামেন্টে পেশ করা হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট বিল। কিন্তু এক দেশ এক ভোট বিল পেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে লোকসভায় উপস্থিতই হলেন না এনডিএর ২০ জন সাংসদ!
কেন্দ্রের আনা এই বিল নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার লোকসভায় ভোটাভুটি পর্বের আয়োজন করা হয়। কিন্তু সেখানে হাজির ছিলেন না ২০ জন সাংসদ। যদিও আগে থেকেই এই গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছিল বিজেপি। কিন্তু তাও যেসব সাংসদরা এদিন উপস্থিত ছিলেন না, তাঁদের নোটিশ দিতে চলেছে বিজেপি বলে সূত্রের খবর।

যদিও এর ফলে ভোটাভুটিতে কোনরকম অসুবিধা হয়নি। কারণ এদিন এক দেশ এক ভোট বিলের পক্ষে ভোট পড়েছে ২৬৯ সাংসদের, পাশাপাশি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৮ জন বিরোধী সাংসদ।
উল্লেখ্য, যে কোনো রকম সংবিধান সংশোধনী পাস করানোর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। সেক্ষেত্রে এইদিন অবশ্য সাংসদদের অনুপস্থিতি বিলের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। বিরোধীদের দাবি, ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে বিজেপির বহু সদস্য সমর্থন করেননি। আর যার ফলে এর বিরোধিতা করতেই অনুপস্থিত থেকেছেন তাঁরা।
এদিকে, বিল সংসদে পেশ হতেই তার তীব্র বিরোধিতা করেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপির সুপ্রিয়া সুলে, কংগ্রেসের মণীশ তিওয়ারি, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব প্রমুখ। এমনকি এই বিলকে সংবিধানের মৌলিক কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ। তবে বিরোধীদের আপত্তির মধ্যেই এদিন এক দেশ এক ভোট বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। পাশাপাশি বৃহত্তর আলোচনার জন্য এই বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার, বলে খবর।












Click it and Unblock the Notifications