Electoral Bond: নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে লাভবান বিজেপি, কংগ্রেসকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে তৃণমূল
Electoral Bond: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকালই জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে নির্বাচনী বন্ড (Electoral Bond) সংক্রান্ত যাবতীয় তথ্য।
কোন কোন সংস্থা বন্ড কিনেছে, কোন কোন রাজনৈতিক দলকে তহবিল গড়তে বা অনুদান হিসেবে বন্ডের মাধ্যমে অর্থ দেওয়া হয়েছে, এই সব তথ্যই তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে গত পাঁচ বছরে ২৪টি রাজনৈতিক দল ইলেক্টরাল বন্ডের মাধ্যমে পেয়েছে ১২,৭৬৯ কোটি টাকা। যার প্রায় অর্ধেকটাই পেয়েছে বিজেপি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য এটাই যে, সর্বভারতীয় তকমা হারানো তৃণমূল কংগ্রেস পিছনে ফেলেছে কংগ্রেসকে।
নির্বাচনী বন্ড থেকে তৃণমূল কংগ্রেস যেখানে ১৬০৯.৫৩ কোটি টাকা পেয়েছে সেখানে কংগ্রেসের ভাঁড়ারে এসেছে ১৪২১.৮৭ কোটি টাকা। তালিকার শীর্ষে থাকা বিজেপি নির্বাচনী বন্ড থেকে ৬০৬০.৫১ কোটি টাকা সংগ্রহ করেছে। চতুর্থ স্থানে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি (১২১৪.৭১ কোটি টাকা)। পাঁচে থাকা বিজেডি পেয়েছে ৭৭৫.৫ কোটি টাকা।
রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে যে টাকা পেয়েছে তাতে মোট পরিমাণের ৪৭.৪৬ শতাংশ এসেছে বিজেপির ঝুলিতে। তৃণমূল কংগ্রেস ১২.৬০ শতাংশ, কংগ্রেস ১১.১৪ শতাংশ, ভারত রাষ্ট্র সমিতি ৯.৫১ শতাংশ এবং বিজু জনতা দল ৬.০৭ শতাংশ অর্থ পেয়েছে।
ইলেক্টরাল বন্ড থেকে কম অর্থ পাওয়ার নিরিখে শেষ পাঁচটি জায়গায় রয়েছে যথাক্রমে এআইএডিএমকে (৬.০৫ শতাংশ), সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট (৫.৫ শতাংশ), মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (০.৫৫ শতাংশ), জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (০.৫ শতাংশ) এবং গোয়া ফরওয়ার্ড পার্টি (০.৩৫ শতাংশ)।
নির্বাচনী বন্ড থেকে ডিএমকে ৬৩৯ কোটি, ওয়াইএসআর কংগ্রেস ৩৩৭ কোটি, টিডিপি ২১৮.৯ কোটি, শিবসেনা ১৫৯.৪ কোটি, আরজেডি ৭৩.৫ কোটি, আম আদমি পার্টি ৬৫.৫ কোটি, জেডি(এস) ৪৩.৫ কোটি, সিকিম ক্রান্তিকারী মোর্চা ৩৬.৫ কোটি, এনসিপি ৩১ কোটি, জনসেনা পার্টি ২১ কোটি, সমাজবাদী পার্টি ১৪.১ কোটি, জেডি (ইউ) ১৪ কোটি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৩.৫ কোটি, শিরোমণি অকালি দল ৭.৩ কোটি, এআইএডিএমকে ৬.১ কোটি, সিকিম ডেমোক্র্যাটিক পার্টি ৫.৫ কোটি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ০.৬ কোটি, ন্যাশনা কনফারেন্স ০.৫ কোটি ও গোয়া ফরওয়ার্ড পার্টি ০.৪ কোটি টাকা পেয়েছে নির্বাচনী বন্ড থেকে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকারের চালু করা নির্বাচনী বন্ড স্কিমকে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবারের মধ্যে বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে জমা দিতে। আরও কয়েক মাস সময় চাইলে এসবিআইয়ের সেই আর্জি খারিজ হয়ে যায়। ১৫ মার্চের মধ্যে বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications