ইসলামিক রিপাবলিক অফ বিহার! স্কুলের ক্যালেন্ডার নিয়ে বিজেপির নিশানায় নীতীশ সরকার
ফের বিজেপির তীব্র আক্রমণের মুখে বিহারের নীতীশ কুমার সরকার। স্কুলে হিন্দুদের উৎসবে কমিয়ে মুসলিমদের উৎসবে ছুটির সংখ্যা বাড়ানোর অভিযোগ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এই পদক্ষেপকে হিন্দু বিরোধী বলে নিন্দা করেছেন। হিন্দুদের অনুভূতিতে আঘাত করার অভিযোগও করেছে বিজেপি। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিহারের শাসক জোট জেডিইউ এবং আরজেডি।
সোমবার বিহারের শিক্ষা দফতরের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, শিক্ষার অধিকারের অধীনে কমপক্ষে ২২০ দিন শিক্ষাদান নিশ্চিত করতে এই তালিকা তৈরি করা হয়েছে। নতুন তালিকায় তিজ ও জজীয়ার মতো বেশ কিছু ছুটি বাতিল করা হয়েছে, অন্যদিকে ইদুল ফিতর এবং ইদুল আজহার ছুটি বাড়ানো হয়েছে। তবে উর্দু মাধ্যম নয় এমন স্কুলে ইদের ছুটি থাকবে মাত্র একদিন।

উর্দু মাধ্যম স্কুলে প্রতি শুক্রবার ছুটি থাকবে। পাশাপাশি মহরমের জন্য দুদিনের ছুটি দেওয়া হয়েছে। দীপাবলির জন্য একদিন, হোলির জন্য দুদিন, দুর্গা পুজো ও ছটপুজোর জন্য তিন দিন ছুটি দেওয়া হয়েছে। এই প্রথম বিহারের শিক্ষা দফতর উর্দু মাধ্যম স্কুল এবং অ-উর্দু মাধ্যম স্কুলের জন্য আলাদাভাবে দুটি ক্যালেন্ডার জারি করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে সরকারের বিরুদ্ধে সনাতনীদের ঘৃণা করার অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তিনি তুষ্টির রাজনীতির অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন, চাচা-ভাতিজা সরকার তাদের হিন্দু বিরোধী মুখ সামনে এনেছে। একদিকে মুসলিমদের উৎসবের ছুটি বাড়ানো হচ্ছে, অন্যদিকে হিন্দুদের উৎসবের ছুটি বাতিলের অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে অপর বিজেপি নেতা গিরিরাজ সিং নীতীশ সরকারকে নিশানা করে বলেছেন, রাজ্যকে ইসলামিক স্টেট অফ বিহারের পরিণত করা হয়েছে। তিনি বলেছেন, এবার নিয়ে তৃতীয়বার নীতীশ কুমারের সরকার তুঘলকি আদেশ জারি করেছে। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে তারা মহম্মদ লালু যাদব এবং মহম্মদ নীতীশ কুমার নামে পরিচিত হবেন।
অভিযোগের জবাব দিতে গিয়ে আরজেডির তরফে ভারত সরকারের নির্দেশিকার কথা উল্লেখ করে বলা হয়েছে, স্কুলে উপস্থিতি ২০০ দিনের বেশি হওয়া উচিত। তাই করা হয়েছে। জোটসঙ্গী জেডিইউ বলেছে, শবে-বরাতের ছুটি কমানো হয়েছে, তা নিয়ে কোনও আলোচনা নেই। শিবরাত্রী, কৃষ্ণ জন্মাষ্টমী, বসন্ত পঞ্চমী, হোলি ও দশেরার ছুটি বহাল রাখার কথা জানিয়েছেন তিনি। তারা আরও বলেছে এব্যাপারে শিক্ষা দফতরই স্পষ্ট কিছু বলতে পারবে।












Click it and Unblock the Notifications