মুসলিমদের আকৃষ্ট করতে কৌশল বিজেপির! উত্তর প্রদেশে প্রচারে বদল গেরুয়া শিবিরের
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এনডিএকে চারশোর বেশি আসন পেতে গেলে বিজেপিকে একাই ৩৭০-এর বেশি আসন পেতে হবে। আর বিজেপিকে বেশি আসন পেতে গেলে উত্তর প্রদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই উত্তর প্রদেশেই এবার মুসলিম ভোটারদের আকৃষ্ট করতে কৌশল করেছে গেরুয়া শিবির।
বিজেপি এবার উত্তর প্রদেশের মসজিদ, মাদ্রাসা থেকে প্রচার শুরু করছে। এছাড়া প্রধানমন্ত্রীর মন কি বাতের উর্দু সংস্করণও রাখা হচ্ছে বিভিন্ন জায়গায়। মসজিদ, দরগা, মাজারের আশপাশে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় পোস্টার রাখারও কৌশল নিয়েছে গেরুয়া শিবির।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-এর নির্বাচনের আগে বিজেপি উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মন্দিরের পাশাপাশি মসজিদ ও মাদ্রাসার সাহায্য নিচ্ছে। এই কাজের শুরু হয়েছে লখনৌ থেকে। বিজেপির সংখ্যালঘু মোর্চা দরগাহ হজরত কাসিম শহিদ থেকে প্রচার শুরু করেছে। সেখানে উর্দুতে লেখা মন কি বাত বইও বিতরণ করা হয়। সেখানে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় ব্যানারও রাখা হয়।
বিজেপি সংখ্যালঘু ফ্রন্টের সভাপতি কুনওয়ার বাসিত আলি বলেছেন, বেশিরভাগ মুসলিম দরগা, মসজিদ ও মাদ্রাসার যান। এই অবস্থায় বিজেপি সেইসব জায়গা থেকে প্রচার শুরু করছে। মানুষ মন কি বাত জানুক। এছাড়া মুসলিম সম্প্রদায়ের কাছে বিজেপি কেন গুরুত্বপূর্ণ তাও বলা হচ্ছে। মুসলিমদের জন্য বিজেপি যা যা করেছে, তাও তুলে ধরা হচ্ছে।
লখনৌ-এর এক দরগার মওলনা বলেছেন, বিজেপির এই পদক্ষেপ ভাল। এটিকে হৃদয় দিয়ে করা হলে, এর থেকে ভাল কিছু হতে পারে না। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলি মানুষকে বিভাজনের জন্য কাজ করে। কিন্তু বিজেপি যদি অন্তত মানুষের পাশে থাকে, তাহলে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে কোনও সমস্যা নেই।
ওই মওলনা আরও বলেছেন, আগের দলগুলি মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু বিজেপি নিজেই যদি মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছয় এবং মানুষকে একত্রিত করে, তাহলে তা সেরা কাজ হবে।












Click it and Unblock the Notifications