ফেসবুকই হাতিয়ার বিজেপির! রাজনৈতিক প্রচারে খরচের নিরিখে শীর্ষস্থানে গেরুয়া শিবির
বিজেপির ফেসবুক প্রীতি! রাজনৈতিক প্রচারে খরচের নিরিখে শীর্ষস্থানে গেরুয়া শিবির
সম্প্রতি মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, বিজেপির উষ্কানিমূলক মন্তব্য, অশালীন মন্তব্য, ঘৃণা ছড়ানোর ঘটনাগুলিকে কোনো প্রতিবাদ ছাড়াই বরদাস্ত করে নেয় ফেসবুক কর্তৃপক্ষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বামেরা যৌথভাবে এই ফেসবুক-বিজেপি আঁতাতের বিরুদ্ধেও এর আগে সরব হয়েছেন। আর এরই মাঝে ফেসবুকে বিজেপির রাজনৈতিক বিজ্ঞাপনী প্রচারে খরচের বহর দেখে চোখ কপালে উঠছে সবারই।

গত ১৮ মাসে রাজনৈতিক প্রচারে কোটি কোটি খরচ বিজেপির
সূত্রের খবর, শেষ পরিসংখ্যান অনুযায়ী গত ১৮ মাসে অর্থাৎ ২০১৯-এর ফেব্রুয়ারি থেকে ফেসবুকে 'সামাজিক সমস্যা, ভোটাভুটি ও রাজনীতি' নিয়ে বিজেপি ৪.৬১ কোটির বেশি খরচ করে ফেলেছে বলে জানা যাচ্ছে। ২৪শে অগাস্ট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে খরচের বহরে অনেকটাই পিছিয়ে প্রধান বিরোধী পক্ষ কংগ্রেস। এই সময়ের ব্যবধানে ফেসবুক প্রচারাভিযানে তারা খরচ করেছে মাত্র ১.৮৪ কোটি টাকা। ওই সূত্রের মতে, ভারত থেকে বিজ্ঞাপনী প্রচারে সর্বাধিক খরচ বহনকারীদের তালিকায় বাকি চার বিজ্ঞাপনদাতাও বিজেপির সাথে সংযুক্ত।

প্রথম ১০ বিজ্ঞাপনদাতার ৬৪% খরচ বহন করছে বিজেপি
বিজেপির পাশাপাশি বাকি চার বিজ্ঞাপনদাতাদের মধ্যে রয়েছে 'মাই ফার্স্ট ভোট ফর মোদী' (খরচ ১.৩৯ কোটি) ও 'ভারত কে মন কি বাত'(খরচ ২.২৪ কোটি) নামক দুই ফেসবুক পেজ। 'নেশন উইথ নমো' নামক একটি ওয়েবসাইট(খরচ ১.২৮ কোটি) ও সাংসদ আর কে সিনহার একটি ফেসবুক পেজ(খরচ ০.৬৫ কোটি)-ও এই তালিকায় রয়েছে। ফলত ২০১৯-এর এপ্রিল-মে মাসে বিজেপির ক্ষমতায় আসার সময়ে ফেসবুকে এই উল্লেখযোগ্য বিজ্ঞাপনী খরচ দেখে দুই-দুইয়ে চার করতে সমস্যা হচ্ছে না কারোরই।

পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রশ্নবাণে বিদ্ধ ফেসবুক
বিশেষজ্ঞ সূত্রের খবর অনুযায়ী, ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে থেকে ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনী প্রচারে দলগুলি মোট খরচ করেছে ৫৯.৬৫ কোটি টাকা। বিজ্ঞাপনগুলি শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়াও ছড়িতে পড়েছিল ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে। এই প্রসঙ্গেই ১৪ই আগস্ট পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিজেপি সহ আরও চার বিজ্ঞাপনদাতার অশালীন তথ্য ছড়ানোর প্রসঙ্গে প্রশ্ন তোলে।

দুই ফেসবুক পেজ ও এক ওয়েবসাইটের ঠিকানা বিজেপির হেডকোয়ার্টার
'মাই ফাস্ট ভোট ফর মোদী', 'ভারত কে মন কি বাত' নামক দুই ফেসবুক পেজ এবং 'নেশন উইথ নমো' ওয়েবসাইটের সরাসরি সম্পর্ক বিজেপির সাথে না থাকলেও বিজ্ঞাপন দেওয়ার সময় উল্লিখিত ঠিকানা হিসেবে নথিভুক্ত রয়েছে '৬-এ, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ, মিন্টো ব্রিজ কলোনি, বড়খাম্বা, নিউ দিল্লি ১১০০০২, যা বিজেপির জাতীয় হেড কোয়ার্টার। পাশাপাশি এই প্রচারাভিযানে খবর সংক্রান্ত ওয়েবসাইট ডেইলিহান্ট-এর খরচ মাত্র ১ কোটি ও ফ্লিপকার্ট-এর খরচ ৮৬.৪৩ লক্ষ। অন্যদিকে, একটি ভিডিও শেয়ারিং অ্যাপ 'পাবলিক' ২০১৮-এর অক্টোবর থেকে প্রায় ১.২৪ কোটি বিজ্ঞাপনী ক্ষেত্রে ঢাললেও, তার কোনো হিসেব ফেসবুকে উল্লেখিত নেই।












Click it and Unblock the Notifications