লোকসভায় কে কত আসনে লড়বে! মহারাষ্ট্রে আসনরফা করে ফেলল বিজেপি-শিবসেনা
বিজেপিকে চাপে রেখে মহারাষ্ট্রে প্রায় অর্ধেক আসন বাগিয়ে নিল শিবসেনা।
যতই বিজেপিকে গাল পাড়ুক আর বড় দাদা বলে হুঁশিয়ারি দিক, গেরুয়া শিবিরের সঙ্গে শিবসেনা ছাড়বে না তা আগেই বোঝা গিয়েছিল। তবে কত আসন লোকসভা নির্বাচনে বিজেপি ছাড়ে তা নিয়ে চাপ বাড়িয়ে রেখেছিল শিবসেনা। অবশেষে তারই ফল মিলল। বিজেপিকে চাপে রেখে মহারাষ্ট্রে প্রায় অর্ধেক আসন বাগিয়ে নিল শিবসেনা।

এদিন বিজেপি ও শিবসেনার লোকসভা নির্বাচনে কে কত আসনে লড়বে তার চূড়ান্ত রফা হয়ে গেল। ৪৮টি আসনের মধ্যে বিজেপি ২৫টিতে লড়াই করবে। আর শিবসেনা লড়বে ২৩টি আসনে। এমনটাই স্থির হয়েছে।
২০১৪ সালের নির্বাচনে শিবসেনা মহারাষ্ট্রে ২২টি আসনে লড়েছিল। বিজেপি লড়েছিল ২৬টি আসনে। আর এবার চাপ বাড়িয়ে আরও একটি বেশি আসন বাগিয়ে নিলেন উদ্ধব ঠাকরেরা।
মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আগেই উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় দেবেন্দ্রর। সূত্রের খবর, লোকসভার পরে হতে চলা বিধানসভা আসনেও দুই দল একসঙ্গে লড়বে বলে প্রাথমিকভাবে স্থির হয়ে গিয়েছে।
সূত্রের খবর, বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ১৪৫টি আসনে ও শিবসেনা ১৪৩টি আসনে লড়বে বলে নাকি সমঝোতা হয়ে গিয়েছে। এমনকী বিজেপির জেতা ৬-৭টি আসনেও শিবসেনার প্রার্থী দাঁড়াবে, সেটাও নাকি কথাবার্তা হয়ে গিয়েছে। তবে এখনও কোনও দলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications