BJP’s reshuffling: বিজেপিতে ফের রদবদল, আসন্ন নির্বাচনের মুখে চার রাজ্যে ইনচার্জ হলেন কারা
ফের রদবদল হল বিজেপিতে। ২০২৪-এর লক্ষ্যে আবারও ভোটমুখী রাজ্যের দায়িত্বে আনা হল নতুন মুখকে। সম্প্রতি ভোটমুখী তেলেঙ্গানা-সহ চারটি রাজ্যের প্রধান-সহ একাধিক পদে রদবদল করেছিলেন কেন্দ্রীয় বিজেপি। এবার রাজস্থান ও মধ্যপ্রদেশে নতুন ইনচার্জ নিযুক্ত করল গেরুয়া শিবির।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট রয়েছে। ২০২৩-এর ডিসেম্বরের সেই ভোটের আগে উল্লিখিত দুই রাজ্যের নির্বাচনী ইনচার্জ করা হল প্রহ্লাদ জোশী ও ভূপিন্দর যাদবকে। বিজেপি শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী ও ভূপিন্দর যাদবকে যথাক্রমে রাজস্থান ও মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি নতুন করে সাজাচ্ছে তাদের রাজ্য ইউনিটগুলিকে। ২০২৪-এর লড়াইয়ের পাশাপাশি রাজ্য বিধানসভা নির্বাচনকেও গুরুত্ব আরোপ করছে বিজেপি। সেইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও সিনিয়র নেতা ওমপ্রকাশ মাথুরকে যথাক্রমে তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের নির্বাচনের ইনচার্জ করা হয়েছে বলে দলীয় বিবৃতিতে জানানো হয়েছে।
গুজরাটের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল ও হরিয়ানার নেতা কুলদীপ বিষ্ণোই রাজস্থান নির্বাচনের কো ইনচার্জ হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য ছত্তিশগড়ের কো ইনচার্জ হয়েছেন। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মধ্যপ্রদেশের কো-ইনচার্জ করা হয়েছে। আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলকে তেলেঙ্গানার কো-ইনচার্জের দায়িত্বে আনা হয়েছে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই চার রাজ্যের ভোট একপ্রকার অগ্নিপরীক্ষা। তাই একেবারে অঙ্ক কষে বিজেপি টিম তৈরি করছে। সম্প্রতি কর্নাটক ও হিমাচলে হারতে হয়েছে বিজেপিকে। তারপর সামনেই যে পাঁচটি রাজ্যের নির্বাচন রয়েছে, তার মধ্যে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের নির্বাচন গুরুত্বপুর্ণ। সেইসঙ্গে রয়েছে মিজোরামের নির্বাচনও।
সম্প্রতি বিজেপি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব ও ঝাড়খণ্ডের জন্য নতুন রাজ্য প্রধান নিয়োগ করেছে। সেখানে যাঁরা সম্প্রতি অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন. তাঁদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। কংগ্রেস থেকে আসা সুনীল জাখর, ডি পুরন্দেশ্বরী ও বিআরএস ছেড়ে আসা এটেলা রাজেন্দর-রা বিজেপির পদে আসীন হয়েছেন।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ছাড়া এ বছর গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন রয়েছে। যে সমস্ত রাজ্যের নির্বাচন রয়েছে, তার মধ্যে তেলেঙ্গানায় রদবদল হয়েছিল আগের দিন। এদিন চার রাজ্যেই নির্বাচনী এজেন্ট নিযুক্ত করা হল। বিজেপি এদিন সমস্ত রাজ্য সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক ও রাজ্যের ভারপ্রাপ্তদের একটি বৈঠক ডাকে।
সেই বৈঠকের পরেই ভোটমুখী চার রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় নির্বাচনী ইনচার্জ ও কো-ইনচার্জ নিয়োগ করে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এই বৈঠকে সভাপতিত্ব করবেন৷ সেই বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে গেমপ্ল্যান বাতলে দেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications