বিজেপিতে গৃহযুদ্ধ! দলের কর্মীদেরই 'মিথ্যা মামলা'য় ফাঁসাচ্ছেন বাঁকুড়া জেলা নেতৃত্ব
বিজেপির অন্তর্দ্বন্দ্ব মারাত্মক রূপ নিল বাঁকুড়ায়। অভিযোগ, দলের কর্মীদের 'মিথ্যা মামলা'য় ফাঁসাচ্ছেন বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব। এই অভিযোগ তুলে শনিবার বিকেলে বাঁকুড়া শহরের মাচানতলায় প্ল্যাকার্ড, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মীদের একাংশ।
প্রসঙ্গত বিজেপি জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই প্রথম নয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর দলের জেলা দফতরে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে তালা বন্ধ করে আটকে রেখে ওইদিনই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ।

এমনকী ওইদিন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতিকেও শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। শনিবার শালতোড়ায় স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় এই বিক্ষোভের জেরে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপি কর্মী মহাদেব রাণা, সুব্রত সাহানিদের দাবি, অনৈতিক কাজ ও দলে 'একনায়কতন্ত্রে' জেলা সভাপতি আমাদের দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।
এই অবস্থায় জেলা সভাপতিকে অপসারণের দাবি তোলা হয়। আর এই কাজে সাংসদ সুভাষ সরকারও দায়ী বলে তারা দাবি করেন। যদিও এ বিষয়ে বিজেপি বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বা সাংসদ ডাঃ সুভাষ সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তাঁরা স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তিনি নিজের ইচ্ছাখুশি চলছেন বলে অভিযোগ। অযথা সংগঠনে নাক গলিয়ে তিনি দলের অন্দরে সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ। জেলা বিজেপি সূত্রে দাবি, যাঁরা ভোটে সেটিং করে হারিয়েছিলেন বিজেপিকে, তাঁরাই এই বিক্ষোভ দেখান।












Click it and Unblock the Notifications