বিজেপির প্রথম তালিকা প্রকাশ কর্নাটক নির্বাচনে, ৫২ নতুন মুখে গুরুত্ব কংগ্রেসত্যাগী দলবদলুদের
প্রতীক্ষার অবসান। বিজেপি প্রথম তালিকা প্রকাশ করল অবশেষে। মঙ্গলবার কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য ১৮৯ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। ১৮৯ জনের মধ্যে নতুন মুখ রয়েছেন ৫২ জন। সেইসঙ্গে জানানো হয়েছে, বাকি আসনের জন্য বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রথম তালিকা তেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন বিধায়ক। অনেক ক্ষেত্রেই প্রথম তালিকায় বেছে নেওয়া হয়েছে কংগ্রেস ছেড়ে আসা নেতাদের। অর্থাৎ দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির প্রথম তালিকায়।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, যেসব আসনে সম্মত হয়েছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সেইসব আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপি বৈঠক জারি রেখেছে, বাকি ৩৫ আসনেও শীঘ্রই প্রার্থীদের চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে।
২২৪ আসন বিশিষ্ঠ কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য নাম চূড়ান্ত করতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে। প্রায় এক সপ্তাহকাল বৈঠকের পর বিজেপির নির্বাচনী কমিটি ১৮৯ কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই তাঁর বর্তমান আসন শিগগাঁও থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রধান নেতা বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র শিকারিপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসন থেকে ইয়েদুরাপ্পা ১৯৮৩ সাল থেকে সাতবার জিতেন। রাজ্যের মন্ত্রী বি শ্রীরামুলু বেল্লারি গ্রামীণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আর অশোক পদ্মনাভনগর এবং কনকপুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখান তিনি রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমারের মুখোমুখি হবেন। বিজেপির অপর প্রধান নেতা রমেশ জারকিহোলি ও গোবিন্দ এম করজোল যথাক্রমে গোকাক এবং মুধোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চিকমাগালুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির কেন্রী্রয় সাধারণ সম্পাদক সিটি রবি।

বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং জানান, এবার ৫২ জন নতুন প্রার্থী, ৩২ জন ওবিসি প্রার্থী ও ৩০ জন তফসিলি জাতির প্রার্থী করা হয়েছে। বিজেপির ৯ জন প্রার্থী হলেন চিকিৎসক, ৫ জন আইনজীবী ও ২ জন অবসরপ্রাপ্ত আমলা। প্রথম তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৮।
এখানে উল্লেখ্য, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদির অনুরোধকে পাত্তা না দিয়ে আথানিতে মহেশ কুমাথাহল্লিকে প্রার্থী বেছে নেওয়া হয়েছে। সাভাদি গত সপ্তাহে বিজেপি নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছিলেন যে তাঁর জয়ের সম্ভাবনা বেশি। কুমাথাহল্লিকে টিকিট দেওয়া হলে বিজেপি আসনটি হারাবে। কিন্তু বিজেপির তরফে সেই আর্জিকে গুরুত্ব দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications