বিহারের ভোটে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ৭১ আসনে নাম ঘোষণা
বিহাররের বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার বিজেপি ঘোষণা করল তাদের প্রথম প্রার্থী তালিকা। মোট ৭১টি আসনের প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে, যদিও ৩০টি আসনের নাম এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত তালিকা অনুযায়ী, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর কেন্দ্র থেকে ও বিজয় কুমার সিনহা লক্ষিসরাই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। রাজ্য মন্ত্রী নীতিন নবীন প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংকিপুর থেকে, আর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রেণু দেবী লড়বেন বেতিয়া কেন্দ্র থেকে। পাশাপাশি, রাজ্যের মন্ত্রী মঙ্গল পাণ্ডে শিওন থেকে প্রার্থী হবেন বলে জানা গেছে।
গত রবিবার এনডিএ জোটের পক্ষ থেকে আসন বণ্টনের রূপরেখা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, বিজেপি ও জেডিইউ ১০১টি আসনে লড়বে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পাবে ২৯টি আসন, আর রাষ্ট্রীয় লোক মোর্চা (আর এল এম) ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচ এ এম) প্রত্যেকে ছয়টি করে আসনে প্রার্থী দেবে।

এই ঘোষণার পর হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রধান জিতন রাম মাঞ্জি ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর অটল আনুগত্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "আমি এখন পাটনা যাচ্ছি। তবে আবারও বলি আমি, জিতন রাম মাঞ্জি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির পাশে থাকব।" তিনি আরও বলেন, "নিতীশ ও মোদিজির নেতৃত্বে বিহারে সমৃদ্ধি আসবেই।"
বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল সোমবার সংবাদমাধ্যমে বলেন, "এনডিএ জোট একক সুরে ঐক্যমতে পৌঁছেছে। আমরা শুরু থেকেই বলেছিলাম পঞ্চ 'পাণ্ডব' ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়ব। আসন বণ্টন ঘোষণা করেছি, এবার প্রার্থী তালিকা প্রকাশ শুরু করেছি।"
আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহারের ২৪৩টি বিধানসভা আসনে ভোট হবে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এই নির্বাচনে মুখোমুখি হবে বিজেপি ও জেডি ইউ নেতৃত্বাধীন এনডিএ জোট ও তেজস্বী যাদবের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।












Click it and Unblock the Notifications