Maharashtra Next CM: ফড়নবীশের ডেপুটি হবেন শিন্ডে, অজিত! সোমের বৈঠকেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বাছাই
Maharashtra Next CM: মহারাষ্ট্রে বিপুল সমর্থনে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। সোমবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বৈঠক মহাজুটির। সূত্রের খবর, বিজেপি তো বটেই, অজিত পাওয়ারের এনসিপিও মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশকেই (Devendra Fadnavis) সমর্থন বাড়িয়ে দিয়েছে। রবিবার দলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বিজেপি, এনসিপি সমর্থন জানালেও একনাথ শিন্ডের শিবসেনা (Shiv Sena) বেঁকে বসছে বলে সূত্রের খবর। বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেই (Eknath Shinde) ফের মসনদে বসতে দেখতে চান শিন্ডে সমর্থকরা। মহাজুটির পক্ষে জনমতের অন্যতম কারণ শিন্ডে বলেই দাবি তাঁদের। মুখ্যমন্ত্রীর ব্রেনচাইল্ড লড়কি বেহেন যোজনার কারণেই বিপুল সমর্থন এসেছে বলে দাবি শিন্ডে সমর্থকদের।

একই দাবি আগে করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও। লড়কি বেহেন-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কারণেই মানুষ মহাজুটিকে (Mahayuti) ভোট দিয়েছেন বলে দাবি করেন তিনি। মহাজুটিতে সর্বোচ্চ আসন পেয়েছে বিজেপি (BJP)।
১৪৯টি আসনে প্রার্থী দিয়ে ১৩২টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। আর তাই এবারে মুখ্যমন্ত্রীর পদ বিজেপি ছাড়তে নারাজ বলেই সূত্রের খবর। বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে এবার মুখ্যমন্ত্রী পদে বসাতে চান তাঁরা।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, মহাজুটির নতুন সরকারে মন্ত্রিত্বের বণ্টনের ফর্মুলাও ইতিমধ্যে প্রস্তুত। ২৪ জনের মতো মন্ত্রী থাকবে বিজেপির। ১২ জন মন্ত্রী থাকবেন একনাথ শিন্ডের শিবসেনা থেকে। এছাড়া অজিত পাওয়ারের এনসিপি থেকে সরকারে থাকবেন ১০ জন মন্ত্রী। একইসঙ্গে একজন মুখ্যমন্ত্রী ও ২ জন উপমুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানা গিয়েছে।
সরকার গঠন, মুখ্যমন্ত্রী বাছাই-সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গড়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন দেবেন্দ্র ফড়নবীশ, অজিত পাওয়ার ও একনাথ শিন্ডে। যদিও দিল্লিতে নয়, মহারাষ্ট্রেই শরিক দলের নেতাদের সঙ্গে হতে পারে বৈঠক। প্রসঙ্গত, রবিবার রাতে দলীয় বৈঠকে শিবসেনার পরিষদীয় দলনেতা নির্বাচিত হন একনাথ শিন্ডে।
মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে প্রচারপর্ব থেকেই দলীয় বৈঠকের উপর জোর দিয়ে আসছেন মহাজুটির শরিকরা। সেইমতো দফায় দফায় চলছে বৈঠক। ২৬ নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রে নতুন বিধানসভা গঠন করতে হবে। তার আগে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মহা জল্পনা।












Click it and Unblock the Notifications