দিল্লিতে বিজেপি নেতা পরবেশের প্রচারের উপর ফের নিষেধাজ্ঞা আরোপ কমিশনের
কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা পরবেশ ভর্মা। সেই এবার সেই উক্তির বিরুদ্ধে সরব হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল আম আদমি পার্টি। সেই অভিযোগের ভিত্তিতেই আজ থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য ফের পরবেশ ভর্মার প্রচারের উপর নিষএধাজ্ঞা জারি করা হল দিল্লিতে। প্রসঙ্গত ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলা দিল্লি নির্বাচনের প্রচারের শেষ দিন বৃহস্পতিবার।

কেজরিওয়ালকে উদ্দেশ্য করে কী বলেন পরবেশ
এর আগে বিজেপি নেতা বলেছিলেন, 'দিল্লিতে কেজরিওয়ালের মতো অনেক নাটওয়ারলাল এবং সন্ত্রাসবাদী আছে। আমি বুঝতে পারি না যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে না দিল্লির কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়তে হবে।'

পাল্টা তোপ কেজরিওয়ালের
পরবেশের এই মন্তব্যের পর সরব হয়েছিলেন কেজরিওয়াল নিজে। আম আদমি পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, 'আমি ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তি। আমি দিনে ৪ বার ইনসুলিন নেই। যদি ডায়াবেটিস আক্রান্ত কোনও ব্যক্তি ইনসুলিনে থাকে এবং যদি ৩-৪ ঘন্টার বেশি সময় যাবত কিছু না খায় তবে তারা মারা যায়। এমন পরিস্থিতিতে আমি দু'বার দুর্নীতির বিরুদ্ধে অনশন করেছি, একবার ১৫ দিনের জন্য এবং পরে ১০ দিনের জন্য। প্রত্যেক ডাক্তার বলেছিলেন যে কেজরিওয়াল চব্বিশ ঘণ্টার বেশি বাঁচবেন না, আমি আমার জীবন দেশের জন্য বাজি রেখেছিলাম।'

আমি কী ভাবে সন্ত্রাসী হতে পারি?
তিনি আরও বলেন, 'তবে গত ৫ বছরে তারা আমাকে হেনস্থার ক্ষেত্রে কোন প্রকার কসুর ছাড়েনি। আমার বাড়ি, আমার অফিসে অভিযান চালিয়েছে। আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি কী ভাবে সন্ত্রাসী হতে পারি? আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ায় আমার মা-বাবা খুব দুঃখ পেয়েছেন। তাঁরা মর্মাহত।'

শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগেও নিষিদ্ধ হয়েছিলেন পরবেশ
এদিকে কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দেওয়া ছাড়াও শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছিলেন পরবেশ ভর্মা। তিনি বলেছিলেন, 'শাহীনবাগের প্রতিবাদীরাই একদিন ঘরে ঢুকে মা-বোনেদের ধর্ষণ-খুন করবে।'তিনি আরও বলেছিলেন, 'লক্ষাধিক লোক শাহীনবাগে জড়ো হয়েছে প্রতিবাদ করতে। দিল্লির মানুষদের পুরো ব্যাপারটা বুঝতে হবে এবং ভাবতে হবে। এই লোকগুলোই সকলের বাড়িতে ঢুকবে, মা-বোনেদের ধর্ষণ করে খুন করবে আর কারও কিছু করার থাকবে না। আজ সময় রয়েছে সকলের কাছে, বেশি দেরি করলে মোদী-শাহ বাঁচানোর জন্যও কিন্তু থাকবে না।' এই মন্তব্যের জেরেই প্রথমবার তাঁকে ৯৬ ঘণ্টার জন্য প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল কমিশন।












Click it and Unblock the Notifications