পুলিশের কলার ধরে ‘অপহরণকারী’দের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা
অপহরণে অভিযুক্তদের জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ও পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে বিজেপি সংসদের বিরুদ্ধে মামলা করা হল। কনৌজের বিজেপি সাংসদ সুব্রত পাঠক ও তাঁর সঙ্গী ৫১ জনের বিরুদ্ধে পুলিশ কর্মীদের লাঞ্ছনা করার অভিযোগে মামলা করা হয়েছে।
কনৌজের সাংসদ সুব্রত পাঠক একজন পুলিশ আধিকারিককে কলার ধরে হেনস্থা করেন। তখন তাঁর সহকর্মীরা অপহরণে অভিযুক্তদের উদ্ধার করার চেষ্টা করেন পুলিশের হাত থেকে। সাংসদের অনুগামীরা অন্যান্য পুলিশকর্মীদেরও আক্রমণ করেন। এই ঘটনায় হুলুস্থূল পড়ে যায়।

উত্তরপ্রদেশের কনৌজের বিজেপি সাংসদ সুব্রত পাঠক ও অন্য ৫১ জনের বিরুদ্ধে পুলিশ কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে মামলা করা হয়েছে রবিবার। অপহরণের মামলায় পাঁচ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মুক্তির দাবিতে পুলিশ ফাঁড়িতে গিয়ে তিন সাব-ইন্সপেক্টর ও চার কনস্টেবলের উপর চড়াও হন সাংসদ।
উত্তরপ্রদেশের মান্ডি সমিতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাকিম সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাংসদ সুব্রত পাঠক এবং অন্যদের নাম দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, শুক্রবার রাতে মান্ডি সমিতি পুলিশ ফাঁড়ি উন্নাও পুলিশের সঙ্গে সমন্বয়ের পরে পাঁচজনকে হেফাজতে নিয়েছিল। তারা একটি অপহরণ মামলায় অভিযুক্ত ছিল।
পাঁচ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পরই একজন ব্যক্তি আচমকাই পুলিশ ফাঁড়িতে পৌঁছে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানান। পুলিশ তা অস্বীকার করলে তিনি চলে যান। কিন্তু তার ১৫ মিনিট পরেই কনৌজের বিজেপি সাংসদ সুব্রত পাঠকও পুলিশ ফাঁড়িতে পৌঁছন।

হাকিম সিংয়ের অভিযোগ অনুসারে, বিজেপি সাংসদ তাঁর কলার চেপে ধরেছিলেন। যখন তাঁর সহকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তখন ৪০ জনেরও বেশি লোক পুলিশকর্মীদের উপর হামলা চালায়। নিছক হামলা চালিয়েই ক্ষান্ত থাকেনি তারা। পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয়।
হাকিম সিং আরও অভিযোগ করেন, সাংসদ সুব্রত পাঠক এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা বাধানো, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, পুলিশ হেফাজত থেকে অপরাধীকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব বিজেপির সাংসদ সুব্রত পাঠককে গ্রেফতারের দাবি জানিয়েছেন এই ঘটনায়। একটি টুইটে অখিলেশ যাদব লিখেছেন- "পুলিশের পক্ষ থেকে কনৌজের বিজেপি সাংসদ সুব্রত পাঠকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
অখিলেশ যাদব লেখেন- এই অবস্থায় মানুষ জানতে চাইছেন, কখন গ্রেফতার করা হবে অভিযুক্ত বিজেপি সাংসদকে? এই বিজেপির সদস্যদের এড়াতে পুলিশের কি বুলডোজারের আড়ালে লুকিয়ে প্রাণ বাঁচানো উচিত? এই প্রশ্নও তোলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।












Click it and Unblock the Notifications