দ্বিচারী ও সুবিধাবাদের রাজনীতি! বিজেপি আরও বেশি পরিবারবাদী, প্রধানমন্ত্রী মোদীকে নিশানা কপিল সিবালের
পরিবারবাদ ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। প্রধানমন্ত্রী যে বারে বারে কংগ্রেস ছাড়াও বিরোধীদের মধ্যে পরিবারবাদের অভিযোগ করেন, তা নিয়ে জবাব দিয়েছে প্রাক্তন এই কংগ্রেস নেতা। বিজেপির বিরুদ্ধে সুবিধাবাদের রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন হায়দরাবাদে। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পরে জনসভায় করেন। প্রধানমন্ত্রী মোদী সেই জনসভায় রাজ্যে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে কটাক্ষ করেন। উন্নয়েনর কাজে রাজ্য সরকারের বাধা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে কপিল সিবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে নিশানা করেন। তিনি বলেন, দুর্নীতি আর পরিবারবাদ একসঙ্গে চলে। তিনি প্রশ্ন করেন, বিজেপি কেন পঞ্জাবে অকালিদের সঙ্গে, অন্ধ্রপ্রদেশে জগনের সঙ্গে, হরিয়ানায় চৌতালা পরিবারের সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুফতি মহম্মদের পরিবারের সঙ্গে এবং মহারাষ্ট্রে ঠাকরে পরিবারের সঙ্গে হাত মিলিয়েছিলেন?
সুপ্রিম কোর্টের এই আইনজীবীর প্রশ্ন, বিজেপি যখন এইসব দল কিংবা রাজ্যে জোট করেছিল তখন কি তারা পরিবারবাদের অংশ ছিল না? প্রধানমন্ত্রী হায়দরাবাদে বলেছিলেন পরিবারবাদ এবং দুর্নীতি একসঙ্গে চলে। এব্যাপারে বিজেপির অভিযোগ আপের বিরুদ্ধে। কিন্তু আপের ক্ষেত্রে তো পরিবারবাদ নেই, বলেছেন কপিল সিবাল।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানায় বিজেপির সভায় বলেছিলেন, তাঁর সরকার দুর্নীতির মূলে আঘাত করেছে। তিনি অভিযোগ করেছিলেন পরিবারবাদীরা প্রতিটি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায়। মোদী প্রশ্ন করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে কি লড়াই করা উচি নয়? দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি লড়াই করা উচিত নয়? দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া উচিত নয়?
প্রধানমন্ত্রী বলেন, এইসব কারণে সাধারণ মানুষ উদ্বিগ্ন। তিনি আরও বলেন, পরিবারবাদ এবং দুর্নীতি একে অপরের থেকে আলাদা নয়। প্রধানমন্ত্রী বলেন, পরিবারবাদ যেখানে, সেখানে দুর্নীতিও বাড়ে।

দিন চারেক আগে বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিজেপি কংগ্রেস-সহ বিরোধী দলগুলির দুর্নীতি ও পরিবারবাদের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বাদশাহি মানসিকতা রয়েছে বলে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেসের পরিচয় হল, পরিবারবাদ, স্বজনপোষন ও দুর্নীতি।
প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বিজেপি মানেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তিনি বলেন, বিরোধীরা ভাবতেও পারেনি ৩৭০ ধারা কখনও ইতিহাস হতে পারে। সেই কারণেই বিজেপির কাজ বিরোধীদের হজম হচ্ছে না। তিনি বলেছিলেন, মানুষ বলতে শুরু করেছে ২০২৪-এ বিজেপিকে কেউ হারাতে পারবে না।












Click it and Unblock the Notifications