বিজেপিতে থাকায় প্রায়শ্চিত্ত! তৃণমূলে যোগ দেওয়ার আগে মমতাকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা ত্রিপুরার বিধায়কের
ত্রিপুরা বিজেপিতে ভাঙন! তৃণমূলে যোগ দেওয়ার আগে মমতাকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা বিধায়কের
গত কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন ত্রিপুরার (tripura) বিজেপি (BJP) বিধায়ক আশিস দাস (Ashis Das)। তৃণমূলে যোগ দেবেন তিনি। তবে তার আগে একদিকে যেমন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করলেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রতি কটাক্ষ করেন। তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দেওয়ার আগে তিনি প্রায়শ্চিত্তেও সামিল হন।

মমতার প্রশংসা
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন আশিস দাস। তিনি বলেছেন, দেশের বিরোধী মুখ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি বলেছেন, শুধু পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, সারা দেশের লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি আশার আলো জাগিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর পরে তিনি নিজেকে দ্বিতীয় মায়ের মতো জায়গায় নিয়ে গিয়েছেন।

কালীঘাটে প্রায়শ্চিত্ত
তিনি কালীঘাটে বিজেপিতে থাকা নিয়ে প্রায়শ্চিত্ত করেন। আশিস দাস বলেছেন, তাঁর কলকাতা সফর রাজনৈতিক না ধর্মীয়, তা সময়ই বলবে। তবে আশিস দাসের কলকাতায় আসা এবং তাঁর সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগাযোগ নিয়ে বিজেপির অন্দরমহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন, ভবিষ্যতে একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন।

দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন মোদী
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ত্রিপুরার সুরমা সংরক্ষিত আসনের এই বিধায়ক প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে দেশকে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর না খাউঙ্গা, না খানে দুঙ্গা, দেশ নাহি বিকনে দুঙ্গা স্লোগান সাধারণ মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গিয়েছে সবই মিথ্যা। প্রধানমন্ত্রীর সরকারি সম্পত্তি বেসরকারির হাতে বিক্রি করে দিচ্ছেন। কেন্দ্র এবং যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে স্বৈরাচারীর শাসন চলেছে বলেও মন্তব্য করেছেন ওই বিজেপি বিধায়ক।

প্রতিক্রিয়ায় নারাজ ত্রিপুরা বিজেপি
যদিও এব্যাপারে এখনও বিজেপির কোন ও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন, দলের বর্ষীয়ান নেতারা এবিষয়টি দেখছেন। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে আশিস দাস তৃণমূলে যোগ দিলেও, পরবর্তী সময়ে বেশ কয়েকজন এই দলে যোগ দিতে পারেন। দিন কয়েক আগে তাঁরা আগরতলায় একটি বৈঠকেরও আয়োজন করেছিলেন। সেই বৈঠকে আশিস দাস ছাড়াও ছিলেন সুদীপ রায়বর্মন, দিবাচন্দ্র রাংখল, বুর্বামোহন ত্রিপুরা। এঁদের মধ্যে সুদীপ রায়বর্মন আপাতত তাঁর তৃণমূলে যোগদানের বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় সুদীপ রায় বর্মনকে স্বাস্থ্য এবং তথ্যপ্রযুক্তি দফতর থেকে সরিয়া দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications