অমিত শাহের চালেই কিস্তি মাত! ত্রিপুরা বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক
শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চালেই কিস্তি মাত। নিশ্চিন্তভাবে ত্রিপুরা বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেন। ভোটদানে বিরত ছিল তিপ্রামোথা। এর ফলে ৬০ আসনের বিধানসভায় ৩২ ভোট পেয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিশ্ববন্ধু সেন।

ওয়াকআউট তিপ্রামোথার
দলের বিধায়কদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়নি, এই অভিযোগে বিধায়ক অনিমেষ দেববর্মার নেতৃত্বে তিপ্রামোথার ১৩ বিধায়ক অধ্যক্ষ নির্বাচনের আগেই ওয়াকআউট করেন। এদিন ছিল নতুন সরকার নির্বাচিত হওয়ার পরে বিধানসভার অধিবেশনের প্রথম দিন। বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয় এদিন সকাল ১১ টায়।

বিরোধী প্রার্থীর প্রাপ্ত ভোট
অধ্যক্ষ নির্বাচনে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় পেয়েছেন মাত্র ১৪ টি ভোট। নির্দিষ্ট সংখ্যক ভোটই তিনি পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের মধ্যে রয়েছে ১১ বাম বিধায়ক এবং নিজে-সহ ৩ বিধায়কের ভোট। অন্যদিকে বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেন নিজের দলের ৩১ টি ভোট ছাড়াও, জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার একটি ভোট পেয়েছেন।

সম্মিলিত বিরোধী প্রার্থী ঘোষণায় ছিল তিপ্রামোথাও
উল্লেখ করা যেতে পারে অধ্যক্ষ নির্বাচনে সম্মিলিত বিরোধী প্রার্থী ঘোষণায় বাম-কংগ্রেস ছাড়াও ছিল তিপ্রা মোথাও। তিন দল মিলে অধ্যক্ষ নির্বাচন ছাড়াও বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সাধারণ প্রার্থী দেোয়ার কথা জানিয়েছিল। বিরোধীরা চ্যালেঞ্জ করে বলেছিল তাদের সম্মিলিত শক্তি ২৭। এর সঙ্গে তারা অনায়াসেই তিন বিজেপি বিধায়কের সমর্থন জোগার করার দাবি করে চ্যালেঞ্জ ছুঁড়েছিল।
|
অমিত শাহের চালে কিস্তি মাত
সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সকালে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে কথা বলার পরেই পরিস্থিতির পরিবর্তন হয়। এরপরেই তিপ্রা মোথা ভোটগানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা বৃহস্পতিবারই টুইট করে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে তাঁকে ফোন করে এই মাসের ২৭ তারিখের মধ্যে একজন মধ্যস্থতাকারীর নাম তিনি ঘোষণার আশ্বাস দিয়েছিলেন, যিনি ত্রিপুরার উপজাতিদের সাংবিধানিক দাবি নিয়ে কথা বলবেন। এর পরেই ফাঁপড়ে পড়ে যায় তিপ্রা মোথা। সেই সময়েই মোথা অধ্যক্ষ নির্বাচনে অনুপস্থিত থাকতে পারে বলে জল্পনা শুরু হয়ে যায়।
উল্লেখ করা যেতে পারে ত্রিপুরায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ৪ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার উপজাতি কল্যাণ নিয়ে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা-সহ অন্য নেতাদের সঙ্গে কথা বলেছিলেন।












Click it and Unblock the Notifications