বিজেপিতে এবার কি সচিন পাইলট! জবাবে কোন ইঙ্গিত গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মন্ত্রীর
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো কংগ্রেসের হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এবার কংগ্রেসের ঘর ফাঁকা হওয়ার আশঙ্কা শুরু হয়েছে। সিন্ধিয়া রাজবংশের সন্তান বিজেপিতে যোগ দিতেই যেভাবে কংগ্রেসের সম্পর্কে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন, তারপর বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা মুখ খুলছেন। পার্টির মধ্যেই অনেকে বলছেন সমস্যা আলোচনা করেই সমাধান করা যেত জ্যোতিরাদিত্যর ক্ষেত্রে। এমন বক্তব্য সচিন পাইলট দিতেই শুরু হয়েছে জল্পনা। এদিকে, সেই বক্তব্যে পর এসেছে কেন্দ্রের বিজেপি মন্ত্রীর বক্তব্য।

সচিন পাইলটকে নিয়ে শেখাওয়াতের মন্তব্য
কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের মন্ত্রী তথা রাজস্থান বিজেপির নেতা গজেন্দ্র শেখাওয়াত রাজস্থানের কংগ্রেস সম্পর্কে মুখ খোলেন। সেখান থেকে বিজেপিতে সচিন পাইলটের আসার সম্ভবনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। যার জবাবে তিনি বলেন, জ্যোতিরাদিত্য ও সচিন ভালো বন্দু। দুজনেই নামী পরিবারের সন্তান। রয়েছে দুজনের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কও । এরপরই তিনি বলেন, '.. কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষার ফল মিষ্টি হয়। '

সরাসরি জবাব
গজেন্দ্র শেখাওয়াতকে সচিনের বিজেপির দিকে ঝুঁকে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি জানান, এবার ভারতবর্ষ অনেক কিছুই এমন দেখতে পারে। তবে সমস্তটার জন্যই প্রয়োজন 'ধৈর্য্যের'।

রাজস্থানে যুব বনাম বর্ষীয়ান যুদ্ধ
২০০ আসনের রাজস্থান বিধানসভায় ২০১৮ সালে কংগ্রেস বিজেপিকে রুদ্ধশ্বাস লড়াইয়ে উৎখাত করেছিল। আর সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন তরুণ তুর্কী নেতা সচিন পাইলট। এরপর যখন সচিন শিবির মনে করেছিল , যে রাজস্থানের তখতে সচিনই বসবেন মুখ্যমন্ত্রীর পদে, তখন দেখা যায়, কংগ্রেস হাইকমান্ড সচিনকে সরিয়ে বেছে নিয়েছেন বর্ষীয়ান অশোক গেহলটকে। এরপর থেকেই রাজস্থানে যুব বনাম বর্ষীয়ান ইস্যু ঘিরে কংগ্রেসের অন্তর কলহ শুরু হয়।

সচিন পাইলটের টুইট
বন্ধু জ্যোতিরাদিত্যর কংগ্রেস ছেড়ে প্রস্থানের ঘটনার পর একরাশ 'আফসোস' নিয়ে টুইট করেন সচিন। তিনি লেখেন, 'জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছেড়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, সমস্ত কিছু ঠিক হতে পারত যদি সবাই মিলে বসে সমস্যার সমাধান হতে পারত পার্টির মধ্যেই। ' আর সচিনের এই বক্তব্য পার্টির কাছে যেমন একটি বড় বার্তা। তেমনই বিজেপিও সচিনের এই ক্ষোভকে কাজে লাগাতে মরিয়া চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications